মুশফিকুর রহিমকে বল করতে দেখেছেন কখনো? হয়ত দেখে থাকবেন। নেট প্র্যাকটিসে মাঝে মধ্যেই মুশফিককে দেখা যায় বল করতে।
কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেটে? আপনার স্মৃতিশক্তি ভালো থাকার পরও স্মৃতি হাতড়ে এমন কোনো দৃশ্য মনে করতে পারবেন না।
এমন মুশফিক আজ অদ্ভুত কাণ্ডই করলেন। কক্সবাজারে বল ঘুরালেন, করলেন বল। বল হাতে তিনি অফ স্পিন করেন।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে হাত ঘোরালেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে।
টানা তিন ওভার বল করে অবশ্য উইকেট পাননি তিনি।
প্রতিযোগিতামূলক ম্যাচে মাত্র তৃতীয়বার বোলিং করলেন মুশফিক। তিনবারই প্রথম শ্রেণির ক্রিকেটে ও বিসিবি উত্তরাঞ্চলের হয়ে বিসিএলে।
২০১৩ সালে মধ্যাঞ্চলের বিপক্ষে এক ইনিংসে ১০ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে উইকেটও পেয়েছিলেন মুশফিক। নুরুল হাসান এলবিডব্লু হয়েছিলেন মুশফিকের বলে।
মাঠে উপস্থিত হাতে গোনা কিছু দর্শক ও ইউটিউবে বিসিবি লাইভ চ্যানেলে হাজার দুয়েক দর্শক মুশফিককে বোলিং করতে দেখলেন। ছয় বছর পর কোনো ম্যাচে বোলিংয়ে এলেন মুশফিক।

