জেরিন তাসনিম
মৃত্যু যখন কষ্ট আনে না,
অন্ধ ভাল-মন্দ মানে না,
নৃশংসতা নজর কাড়ে না,
ক্ষত-স্নায়ু আঘাত হানে না।
বায়ুতে হঠাৎ মৃত্যু বয়ে যায়,
নিঃশব্দের বার্তাবাহক যায়,
হাহাকার বা ধিক্কার শোনা যায়,
কে জানে, শোনা… হয়তো বা যায় না!
কল্পনাটাও বাস্তবতায় ঘেরা,
অট্টহাসির হিংস্রতাতেই সেরা,
মায়ার বাঁধন-প্রেম জানে না এরা,
কান্না শুধুই ‘প্রতিধ্বনিত’… হয়তো বা হয় না।
প্রিয়মুখের অশ্রুভেজা নয়ন,
প্রিয় কিছু পঙ্কতিমালা চয়ন,
পদরেখা ফেলে কয়েক চরণ,
শেষযাত্রায় হয়তো বা যায় না!
ক্লোরোফর্মের ঘোরের মতো নেশা,
তামাক পাতার নেশার মতন ঘোর!
এ জগৎটা রাতের চেয়েও কালো!
যে জগতে হয় না কোনো ভোর…
বারংবারই মৃত্যু চলে আসে,
বাতাসেতে মরণ আভাস ভাসে,
গন্ধ মৃত্যু-সংবাদ দিয়ে যায়,
সে জগতে মৃত্যু তখন কষ্ট আনে না।
