যুক্তরাজ্যভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল মেইল অনলাইনের কাছ থেকে মোটা অংকের ক্ষতিপূরণ পেলেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। তবে প্রাপ্ত ক্ষতিপূরণের পরিমাণ গোপন রাখার নির্দেশ দিয়েছেন লন্ডনের উচ্চ আদালত।
গত বছর ম্যাডোনার নিষেধাজ্ঞা সত্ত্বেও শিল্পীর দত্তক নেওয়া দুই যমজ সন্তানের পরিচয় প্রকাশ করে মেইল অনলাইন। তাই মেইল অনলাইনের প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স-এর বিরুদ্ধে মামলা করেন এই শিল্পী। অবশেষে সেই মামলার শুনানি হলো। ব্যক্তিজীবনে অনৈতিক হস্তক্ষেপের দায়ে মেইল অনলাইন ম্যাডোনাকে দিল ক্ষতিপূরণ।
এ বিষয়ে ম্যাডোনার আইনজীবী জেনি আফিয়া আদালতে বলেন, তাঁর মক্কেল (ম্যাডোনা) গত ফেব্রুয়ারিতে আফ্রিকার মালাউই থেকে স্টেলা ও এস্টের নামের দুটি যমজ কন্যাশিশু দত্তক নেন। যখন দত্তক–প্রক্রিয়া চলছিল, তখন তিনি গণমাধ্যমকে অনুরোধ করেন এ বিষয়ে কোনো সংবাদ প্রচার না করতে। কিন্তু মেইল অনলাইন জানুয়ারি মাসে মালাউইর সেই অনাথ আশ্রমের ঠিকানা ও দুই যমজ শিশুর নাম-পরিচয়সহ একটি সংবাদ প্রকাশ করে।
ম্যাডোনার অভিযোগ, এতে করে তাঁর দুই মেয়ে সে সময় নিরাপত্তাসংকটে পড়েছিল। তা ছাড়া দত্তক–প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ম্যাডোনারও সে সময় করার কিছু ছিল না। বিচারকের দেওয়া রায়ে ম্যাডোনা বেশ মোটা অঙ্কের ক্ষতিপূরণই পেয়েছেন। তবে এই ক্ষতিপূরণ তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করেননি। পপসম্রাজ্ঞী ক্ষতিপূরণের পুরোটাই মালাউইর একটি শিশু হাসপাতালে দান করেছেন।
