মোদির সাথে কিমের তুলনা, ২২ ব্যবসায়ী জেলে




ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-আনের সাথে তুলনা করে পুলিশের হাতে আটক হয়েছেন কানপুরের একদল ব্যবসায়ী।
শহরের একটি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কানপুর জুড়ে হোর্ডিং লাগানো হয়েছিল, কিম যেভাবে দুনিয়াকে ধ্বংস করতে চান, মোদিও না কি সেভাবেই ভারতে ব্যবসাপাতি ধ্বংস করে দিচ্ছেন।
পুলিশের হাতে আটক হওয়ার পর ওই ২২জন ব্যবসায়ী অবশ্য মুচলেকা দিয়েছেন প্রধানমন্ত্রীকে অপমান করার কোনও উদ্দেশ্য তাদের ছিল না। তবে সম্প্রতি চালু হওয়া জিএসটি কর ও গত বছরের নোটবন্দী নিয়ে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে তা শাসক দল বিজেপিও পুরোপুরি অস্বীকার করতে পারছে না – আর কানপুরের ঘটনাতেও তা স্পষ্ট হয়ে গেছে।
আসলে ভারতের ‘বানিয়া’ সমাজ, অর্থাৎ ট্রেডার বা ব্যবসায়ীদের বরাবরই বিজেপি-র সমর্থক বলে ধরা হয়ে থাকে। ফলে উত্তরপ্রদেশের কানপুরে সেই বানিয়ারাই যখন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে উত্তর কোরিয়ার স্বৈর শাসক কিম জং-আনের তুলনা করে পেল্লায় সব পোস্টার লাগান, তখন বুঝতে অসুবিধা হয় না বর্তমান সরকারের আমলে ব্যবসায়ীরা ঠিক স্বস্তিতে নেই।
কানপুরের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার ভার্মা বলছিলেন, “শহরের গোবিন্দনগর থানা এলাকায় এমন বেশ কিছু হোর্ডিং লাগানো হয়েছিল। যাতে পাশাপাশি ছিল কিম জং-আন আর নরেন্দ্র মোদির ছবি, একজনের ছবির নিচে লেখা দুনিয়াকে বরবাদ করেই আমি থামব – আর প্রধানমিন্ত্রীজির ছবির নিচে লেখা ব্যবসাপাতিকে বরবাদ না-করে আমি থামব না।”
এই হোর্ডিং জনরোষ তৈরি করেছে, এই অভিযোগে পুলিশ তাতে নাম থাকা রাজু খান্না-সহ মোট ২২জন ব্যবসায়ী নেতাকেই আটক করে।
মুচলেকা দিয়ে তারা আপাতত জামিন পেয়েছেন ঠিকই, কিন্তু সাড়ে তিন মাস আগে ভারতে চালু-হওয়া গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি-তে যে ব্যবসায়ীদের নাভিশ্বাস উঠেছে সেই বাস্তব তাতে আড়াল করা যাচ্ছে না।