ক্রিকেট খেলা দেখলে ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরীকে চেনার কথা। কিছুদিন আগে দিল্লি থেকে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ২০টি ওয়ানডে এবং ২৭ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করা অনিল চৌধুরী।
সেখানে পৌঁছায়নি মোবাইল নেটওয়ার্ক। এর মাঝেই ভারতে শুরু হয়ে যায় করোনাভাইরাসের কারণে ২১ দিনের লকডাউন। এই লকডাউনের মধ্যে শহরে ফিরে আসার উপায় নেই।
কিন্তু জরুরি প্রয়োজনে তাঁকে মোবাইলে কথা বলা জরুরি। কথা বলার জন্য অদ্ভুত এক কাণ্ড করেছেন তিনি। গাছে উঠে নেটওয়ার্ক ধরে কথা বলতে হয়।
৫৫ বছর বয়সী অনিল চৌধুরী বলেন, ’১৬ মার্চ থেকে আমি এখানে আছি দুই সন্তানকে নিয়ে। ফাঁকা সময় পাওয়ায় সপ্তাহখানেক এখানে কাটিয়ে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু এখানে এসে লকডাউনের মধ্যে পড়েছি। এখানে নেটওয়ার্ক পাওয়াটাই বিরাট সমস্যা। আমি কারও সঙ্গে মোবাইলে কথা বলতে পারি না। ইন্টারনেট ব্যবহারও করতে পারি না। নেটওয়ার্ক পাওয়ার জন্য আমাকে গ্রামের বাইরে যেতে হয়। গাছে উঠতে হয় কিংবা উচু ভবনের ছাদে। তারপরও সবসময় নেটওয়ার্ক পাওয়া যায় না।’

