রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা একটি বাড়িতে বিস্ফোরণে কমপক্ষে দুজন নিহত হয়েছে।
সকালে র্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বাড়িটির ভেতর দু-তিনজন ‘জঙ্গি’ মারা গেছেন বলে ধারণা করা যাচ্ছে। বিস্ফোরণের শব্দ পাওয়ার পরপর বাড়িটি ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করছে র্যাব। বোমা নিষ্ক্রিয়করণ দল জায়গাটিতে তল্লাশি চালাচ্ছে। আরও কিছু অবিস্ফোরিত আইইডি থাকার আশঙ্কা রয়েছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে বাড়িটির ভেতর র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড ঢুকেছে। টিনশেডের বাড়িটি থেকে বিস্ফোরণের হালকা ধোঁয়া বেরোচ্ছে।
এছাড়া, র্যাব-২–এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাড়ির ভেতর দুজন ‘জঙ্গির’ ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়।

