ভারতে ম্যাগির নমুনা পরীক্ষা করে ‘অ্যাশ কননেন্ট’ বেশি মাত্রায় পাওয়া গিয়েছে বলে প্রস্তুতকারক সংস্থা নেসলেকে ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, বাজেয়াপ্ত করা হয়েছে ম্যাগির প্রচুর প্যাকেটও।
বুধবার উত্তর প্রদেশের সাহারনপুরের জেলাশাসকের তরফে জানানো হয়েছে, গত বছরের নভেম্বরে ম্যাগির কিছু নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। তাতে দেখা গিয়েছে, ওই নমুনাগুলিতে অতিরিক্ত মাত্রায় ‘অ্যাশ কনটেন্ট’ রয়েছে। গবেষকদের দাবি, এই রাসায়নিক পদার্থটি মানবদেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তবে, নেসলে কর্তৃপক্ষের দাবি, ম্যাগি পরীক্ষার ওই রিপোর্ট সঠিক নয়। তাঁরা জানিয়েছেন, ওই রিপোর্টের বিরুদ্ধে আদালতে আবেদন করা হবে।
নেসলে ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, “ল্যাব টেস্টের রিপোর্ট এখনও আমাদের হাতে আসেনি। আমাদের শুধু জানানো হয়েছে যে, ম্যাগির ওই নমুনাগুলি ২০১৫ সালের এবং নুডলসে ‘অ্যাশ কনটেন্ট’ রয়েছে।”
তাঁর আরও দাবি, “পরীক্ষার মানদণ্ডেই গলদ রয়েছে বলে মনে হচ্ছে। আর সে কারণেই এমন ফল এসেছে হয়তো। প্রশাসনের নির্দেশ হাতে পেলেই আমরা এর বিরুদ্ধে দ্রুত আবেদন করব।”
নেসলে-র ৪৫ লাখের পাশাপাশি ওই জেলায় ম্যাগি সরবরাহকারী তিন ব্যক্তিকে ১৫ লক্ষ করে এবং দু’জন বিক্রেতাকে ১১ লক্ষ টাকা করে জরিমানা করেছে জেলা প্রশাসন।
সেই সময় থেকেই ম্যাগি-সহ এ ধরনের নুডলসের জন্য গুণমানের একটি মানদণ্ড ঠিক করে নেসলে-সহ অন্য সংস্থাগুলি। খাদ্য নিয়ামক সংস্থার নির্দেশ মাথায় রেখেই ওই পদক্ষেপ করা হয়। নেসলে ইন্ডিয়ার ওই মুখপাত্র এ দিন দাবি করেন, “আমাদের খাদ্যপণ্য ওই মানদণ্ড মেনেই তৈরি করা হয়েছে। এবং আমরা বার বার বলছি, ম্যাগি নুডলস ১০০ শতাংশ নিরাপদ।”
