ম্যাচটি মেসিময়, মেসি ৩-১ ইকুয়েডর




শুরুতেই হোঁচট খেলো আর্জেন্টিনা। দলটি বোধহয় ভাবেনি প্রথমেই আঘাত হানবে ইকুয়েডর। বেশ কিছুক্ষণ অগোছালোই ছিল মেসিদের ছন্দ। এরপরই আরম্ভ হল মেসির জাদু।
অনেকেই বলেছিল এটা হতে যাচ্ছে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর্জেন্টিনা অধিনায়ক জবাবটা তোলা রেখেছিলেন যেন এই ম্যাচের জন্য। ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোলরক্ষককে পরাস্থ করে বল জালে জড়ালেন। তাও একবার দুবার নয় টানা তিনবার। আর মেসিময় দিনে এভাবেই আর্জেন্টিনাকে জেতালেন মেসি।
একুয়েডরের মাঠে শুরুর ৪০ সেকেন্ডের মধ্যেই পিছিয়ে গেল আর্জেন্টিনা। লম্বা বাড়ানো বল ধরে সতীর্থকে হেডে পাস দিয়েছিলেন রোমারিও ইবাররা। বল ফেরত পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই মিডফিল্ডার।
তবে মেসির দুর্দান্ত নৈপুণ্যে সমতা ফেরাতে দেরি হয়নি আর্জেন্টিনার। বাঁয়ে আনহেল দি মারিয়ার বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন বার্সেলোনার ফরোয়ার্ড। বল ফেরত পেয়ে প্রথম ছোঁয়াতেই বাঁ পায়ের টোকায় জালে পাঠান।
শুরুতেই পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরানোর পর এবার এগিয়ে দিলেন লিওনেল মেসি। ডিফেন্ডারদের ভুলে বল পেয়েছিলেন। কিন্তু তারপরও অনেক কিছু করার বাকি ছিল। বল নিয়ন্ত্রণে রেখে ডি-বক্সে ঢুকে উপরের বাঁ-কোন দিয়ে কোনাকুনি শটে জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
দ্বিতিয়ার্ধে এসে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে মাপা লবে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ালেন মেসি। এর মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটিও দখলে নিলেন এই ফুটবলের যাদুকর।
আর এই ম্যাচের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গী হল উরুগুয়ে, কলম্বিয়া, আর্জেন্টিনা। প্লে-অফে পেরু।