ম্যাচ ফি'র অংশ কাটা পড়ছে তামিমের




জয়ের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে শাস্তি পেতে হচ্ছে তামিম ইকবালকে। ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়া হচ্ছে ম্যাথু ওয়েডের সাথে ঝামেলার কারনে। সাথে তামিমের নামের সাথে যুক্ত হচ্ছে এক ডিমেরিট পয়েন্টও।
চতুর্থ দিনের প্রথম সেশনের শেষ ভাগে সফরকারী অস্ট্রেলিয়াকে ভালো ভাবেই চেপে ধরে বাংলাদেশ। সাকিব আল হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। রিভিউ আপিলের পর সফলতা না পেয়ে প্যাভিলিয়নে যাচ্ছিলেন ওয়েড। কাছ দিয়েই তামিম যাচ্ছিলেন নিজের ফিল্ডিং পজিশনের দিকে। তখনই কিছু একটা বলেন তামিম। তার দিকে অনেকটা তেড়ে যাওয়ার ভঙ্গিতে এগিয়ে যান ওয়েড। তামিম আবার কয়েকবার হাত নাড়িয়ে দেখিয়ে দেন ড্রেসিং রুমের পথ। এতে আরো ক্ষিপ্ত হন ওয়েড। ততক্ষণে এগিয়ে যান সাকিবরা। পরে আম্পায়ারদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এর আগে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ বারবার গ্লাভস বদলানোয় আম্পায়ারদের কাছে অভিযোগ করতে গিয়ে তর্ক করেন তামিম। ম্যাচ শেষে রিপোর্ট করেন আম্পায়াররা।
সেই রিপোর্টের ভিত্তিতে ম্যাচ শেষে তামিমকে তলব করেন ম্যাচ রেফারি। তামিম গিয়ে স্বীকার করে নেন নিজের দায়। আনুষ্ঠানিক শুনানির তাই প্রয়োজন পড়েনি।
মিরপুর টেস্টে লড়াইয়ের ভেতর এসব লড়াই উত্তেজনা ছড়িয়েছে বারবার। বরাবরই স্লেজিংয়ের জন্য পরিচিত অস্ট্রেলিয়া স্লেজিং করেছে মাঠে। ম্যাচ শেষে অধিনায়ক মুশফিকুর রহিম জানান, বাংলাদেশের তরুন খেলোয়াড়দেরও ছাড় দেয় নি।
অবশ্য বাংলাদেশও ছেড়ে কথা বলেনি। কথা আর শরীরী ভাষার লড়াইয়ে জবাব দিয়েছে পাল্টা। বাংলাদেশের কাছ থেকে এভাবে স্লেজিংয়ে পাল্টা আঘাত অস্ট্রেলিয়াকে অনেকটাই চমকে দিয়েছে। তারই ধারাবাহিকতায় তামিম ও ওয়েডের ঘটনা বাড়তি মাত্রা যোগ করে। তবে ওয়েড ফিরে যাওয়ার সময় হাত নাড়িয়েই তামিম লঙ্ঘন করে ফেলেন সীমা। তাতেই শাস্তি।
আগে আরও একটি পয়েন্ট থাকায় তামিমের ডিমেরিট পয়েন্ট এখন দুই। গত শ্রীলঙ্কা সফরে কলম্বো টেস্টে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। ডিমেরিট পয়েন্ট তিন হলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন তামিম।