যমুনা নদীর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর সীমানায় গতকাল যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মে) এই মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় জানা যায় নি।
এদিকে এখন পর্যন্ত এ ঘটনায় এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১২জন। যাত্রীদের মধ্যে অধিকাংশই ধানকাটা শ্রমিক। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।
এর আগে গতকাল মঙ্গলবার (২৬ মে) দুপুরে চৌহালী উপজেলার স্থলচর এলাকায় প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, এনায়েতপুর থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসের কারণে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলবার তিনজন ও বুধবার সকালে আরও দুইজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১২ জন যাত্রী।

