যান্ত্রিক ত্রুটির সঙ্কেত পেয়ে আকাশ থেকেই ফিরল বিমান



ইউএস-বাংলা এয়ারলাইন্সের মালয়েশিয়াগামী একটি ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির সঙ্কেত পেয়ে ফিরে এসে আবার যাত্রা করেছে।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬৪ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয় বিএস ৩১৫ ফ্লাইটটি। ১৫ মিনিট পরই শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে ইউএস-বাংলার বোয়িং বিমানটি পুনরায় যাত্রা শুরু করে।
এবিষয়ে ইউএস বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, “উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে পাইলট ছোটখাটো একটা যান্ত্রিক ত্রুটির সিগনাল পান। কিছুক্ষণের মধ্যে তা আবার ঠিক হয়ে গেলেও নিরাপত্তার দিকটি বিবেচনা করে ফিরে এসে চেকআপ করে নেন।”
কামরুল ইসলাম বলেন, “ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার পরই ত্রুটির সিগনাল বন্ধ হয়ে গিয়েছিল। তবুও পাইলট অধিক সতর্কতায় জরুরি অবতরণটি করিয়েছেন। কিছুক্ষণের মধ্যে আবার উড্ডয়নের সিদ্ধান্ত নেওয়ার পর বেলা ১১টা ২৪ মিনিটে উড্ডয়নের সুযোগ হয়।”
কামরুল জানান, পাইলট ভেবেছেন- যেহেতু ঢাকার আকাশেই আছি, ত্রুটির সিগনালটা দেখে নেই। কিছুদিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটায় অধিক সতর্কতা থেকে তিনি ফিরে এসে পুনরায় চেক করেছেন। তবে এধরনের ফল্ট সিগনাল মেজর কিছু নয়।
উলেখ্য, ইউএস-বাংলার একটি বিমান গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হলে ২৬ বাংলাদেশিসহ ৪৯ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন;

মৃত্যুও তাদের আলাদা করতে পারেনি

লাশ হয়ে ফিরেছেন তারা