যুক্তরাষ্ট্রে পুরুষদের মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অধিক প্রশংসিত নাগরিক। এক্ষেত্রে ১৪ শতাংশ নাগরিকের সমর্থন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বুধবার প্রকাশিত এক জরিপে এ তথ্য জানানো হয়। গ্যালাপের বার্ষিক জরিপে ওবামা দশম বারের মতো শীর্ষ প্রশংসিত নামের তালিকায় ওঠে আসলেন।
নারীদের মধ্যে সবচেয়ে প্রশংসিত হচ্ছেন হিলারি ক্লিনটন। হিলারি ক্লিনটন টানা ১৬ বারের মতো এ সম্মান অর্জন করেন।
এ জরিপে অংশ নেয়া ১৭ শতাংশ মার্কিন নাগরিক সর্বাধিক প্রশংসিত ব্যক্তি হিসেবে ওবামাকে সমর্থন করেন। গত বছর সমর্থন জানানোর এ হার ছিল ২২ শতাংশ। পোপ ফ্রান্সিস তিন শতাংশ লোকের সমর্থন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
এদিকে জরিপে অংশ নেয়া নয় শতাংশ মার্কিন নাগরিক অধিক প্র্রশংসিত নারী হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে সমর্থন করেন। সাত শতাংশ নাগরিকের সমর্থন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন দেশটির সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং চার শতাংশ লোকের সমর্থন পেয়ে এর পরের অবস্থানে রয়েছেন টক শো উপস্থাপক ওপরাহ উইনফ্রে।
গ্যালাপ জানায়, এ জরিপে ১ হাজার ৪৯ জন অংশ নেন এবং ৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত জরিপটি চালানো হয়।
