যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যুর রেকর্ড



যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যুর রেকর্ড
Medical workers in overalls stretch a patient under intensive care into the newly built Columbus Covid 2 temporary hospital to fight the new coronavirus infection, on March 16, 2020 at the Gemelli hospital in Rome. (Photo by ANDREAS SOLARO / AFP) (Photo by ANDREAS SOLARO/AFP via Getty Images)


মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। যা এ যাবতকালে নির্দিষ্ট কোনো দেশে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ১০২ জনে। সারা বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ২৪৫ জন।

সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্সে’র পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারে’ প্রকাশিত তথ্যমতে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৯৫৭ জন। এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই ২ লাখ ১৫ হাজার ৩ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৯৪ হাজার ২৮৬ জন।

তিন মাস আগে চীনের উহানে প্রথম সংক্রমণ ঘটার পর ইউরোপকে বিপর্যস্ত করে এখন যুক্তরাষ্ট্র হয়ে উঠেছে করোনাভাইরাস মহামারির নতুন কেন্দ্র। গত ১ মার্চ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে হাতেগোনা কয়েকজন হলেও এক মাসের ব্যবধানে এই সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ।

এদিকে, ইউরোপের সবচেয়ে বিপর্যস্ত দেশ ইতালি ও স্পেনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার কমলেও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের পর ইতালি ও স্পেন দুই দেশেই আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। ইতালিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন, আর স্পেনে ১ লাখ ২ হাজার ১৩৬ জন।

মহামারীর বিপজ্জনক এই রূপ দেখে নভেল করোনাভাইরাস মোকাবিলার নীতিমালায় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস।

বুধবার (১ এপ্রিল) জেনিভায় এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‌‘এটা এখনো আমাদের কাছে নতুন একটি ভাইরাস এবং আমরা শিখছি প্রতিনিয়ত। যেহেতু অবস্থার পরিবর্তন হচ্ছে, নতুন তথ্য আসছে, তাতে আমাদের পরামর্শও পরামর্শও বদলাবে।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কোভিড-১৯ মহামারিতে যুক্তরাষ্ট্রে এক থেকে আড়াই লাখ মানুষের মৃত্যুর আশঙ্কার কথা জানাচ্ছেন গবেষকরা। এই পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, সামনে খুব কষ্টের সময় আসছে।