যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক নথি চুরি করেছে উত্তর কোরিয়া




দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্য রি চেওল-হি বলেন, তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সমস্ত তথ্য চুরি গেছে।
রি বলেন, ‘ডিফেন্স ইনটিগ্রেটেড ডেটা সেন্টার’ থেকে প্রায় ২৩৫ গিগাবাইট সামরিক তথ্য চুরি হয়েছে এবং সেগুলোর ৮০ শতাংশ “এখনও চিহ্নিত করা বাকী।”
কোরিয়া উপদ্বীপের চলমান পরিস্থিতিতে দুই মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যে যুদ্ধ পরিকল্পনা করে রেখেছে, চুরি যাওয়া তথ্যগুলোতে তা আছে বলে জানান তিনি। যদিও সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।
গত বছর সেপ্টেম্বরে হ্যাকাররা এ তথ্য চুরি করে। এ বছর মে মাসে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ বিপুল পরিমাণ তথ্য চুরি যাওয়ার কথা জানায়। তখন তারা বলেছিল, খুব সম্ভবত উত্তর কোরিয়া সমন্বিত সাইবার হামলা চালিয়েছে। এ বিষয়ে পরে তারা আর কোনও তথ্য দেয়নি।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা ইয়ুনহাপের খবরে বলা হয়েছিল, সিউল গত কয়েক বছরে প্রতিবেশী উত্তর কোরিয়ার একের পর এক সাইবার হামলার লক্ষ্য হয়েছে। হ্যাকাররা বেশ কয়েকবার দক্ষিণ কোরিয়ার সরকারি ওয়েবসাইট ও অবকাঠামোতেও হামলা চালিয়েছে।
যদিও উত্তর কোরিয়া ওই অভিযোগ অস্বীকার করে বলেছিল, দক্ষিণ কোরিয়া ভুয়া অভিযোগ করছে। ধারণা করা হয়, বিভিন্ন দেশে বিশেষ করে চীনে উত্তর কোরিয়ার বিশেষভাবে প্রশিক্ষিত হ্যাকাররা রয়েছে।