যে কাউকে ক্ষমা করার ক্ষমতা আমার আছে: ট্রাম্প




টুইটে ট্রাম্প লিখেছেন, ‘যখন সবাই জানে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমা করার পূর্ণ ক্ষমতা আছে, তখন সেগুলো নিয়ে চিন্তা কেন, যখন আমাদের বিরুদ্ধে ফাঁস করা তথ্যই এ পর্যন্ত একমাত্র অপরাধ। খবরগুলো ভুয়া।’
এদিকে ক্ষমা নিয়ে ট্রাম্পের এই মন্তব্য গণমাধ্যমে এই সংক্রান্ত এক প্রতিবেদনের প্রতিক্রিয়া বলে ধারণা বিশ্লেষকদের। রাশিয়া বিষয়ক তদন্তের ফল অনুকূল না হলে ট্রাম্প যে বিকল্প পথগুলোর সম্ভাবনাও যাচাই করে রাখছেন, মন্তব্যে তারও ইঙ্গিত আছে বলে মনে করছেন তারা।
অবশ্য কাকে ক্ষমা করবেন তা না বললেও ট্রাম্পের টুইট যে ওয়াশিংটন পোস্টের চলতি সপ্তাহের এক প্রতিবেদনের প্রতিক্রিয়া তা বোঝা যাচ্ছে বলে দাবি করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার ওয়াশিংটন পোস্টের অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গত বছর ট্রাম্পের উপদেষ্টা জেফ সেশনসের সঙ্গে নির্বাচনী প্রচার নিয়ে আলোচনা করার কথা তার উর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর সময় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো আড়িপেতে শুনেছে। ওই সময় সেশনস একজন সিনেটর ছিলেন।
ট্রাম্প তার টুইটে এরও প্রতিবাদ করে বলেছেন, ‘এসব অবৈধ তথ্য ফাঁস অবশ্যই বন্ধ করতে হবে।’
প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে নিয়োগ সংক্রান্ত সিনেটের শুনানিতে সেশনস তার সঙ্গে ২০১৬ সালে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের বৈঠকের কথা বলেননি; পরে এ সংক্রান্ত খবর প্রকাশিত হলে তিনি বলেছিলেন, বৈঠকে নির্বাচনী প্রচার নিয়ে কোনো আলোচনা হয়নি। শনিবার করা অন্যান্য টুইটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার নিয়োগ করা অ্যাটর্নি জেনারেল, রাশিয়া বিষয়ক তদন্তে নেতৃত্ব দেওয়া স্পেশাল কাউন্সেল এবং সিনেটে ওবামাকেয়ার বাতিলে ব্যর্থ রিপাবলিকান কংগ্রেস সদস্যদের নিয়েও হতাশা ব্যক্ত করেন।
নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন কিংবা এফবিআই প্রধান জেমস কোমির বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল কিংবা স্পেশাল কাউন্সেল তদন্ত করছে না কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
তিনি বলেন ‘অনেকেই প্রশ্ন তুলছেন কেন অ্যাটর্নি জেনারেল কিংবা স্পেশাল কাউন্সেল হিলারি ক্লিনটন বা কোমির অপরাধ খতিয়ে দেখছে না, যেখানে ৩৩ হাজার ইমেইল মুছে দেওয়া হয়েছিল।’