“দুর্গম গিরি, কান্তার–মরু, দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার”
সময়টা প্রায় ১০০ বা তার অধিক বছর আগের কথা। চুরুলিয়ার একটি গ্রামে একজন ইমাম বসবাস করতেন। একজন সন্তানের আশায় যার মনের অস্থিরতা চাপা থেকে না। কিন্তু তার স্ত্রীর গর্ভে সন্তান তো আসে, কিন্তু পৃথিবীর এই জীবনযুদ্ধে টিকে থাকতে পারে না। স্ত্রী আবারও গর্ভবতী। এবার কি এই লড়াই টিকে থাকার জন্য কেউ আসবে? হয়তো তখনই নির্ধারণ হয়ে গিয়েছিল। কাজী ফকির আহমেদের ঘর আলো করে সেদিন যেই পুত্র সন্তান ক্রন্দনরত— কে জানত, তার রক্তে মিশে থাকা বিদ্রোহ একদিন টগবগিয়ে ফুটবে। এই বাংলার বুকে যার জনপ্রিয়তা আকাশ ছুঁবে। দুখু মিয়া থেকে কাজী নজরুল ইসলাম হয়ে ওঠার এই যাত্রা কখনোই সুখকর ছিল না। জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি পদে পদে সংগ্রাম করে একজন কাজী নজরুল ইসলাম হয়ে ওঠে! চলুন, এই যাত্রায় আজ আমরাও শামিল হই।
একজন কবি আসলে কেমন ধারার মানুষ হয়? কেউ হয় উদাসীন। জীবন সম্পর্কে যার ধারণা নিতান্তই সামান্য। একটু চঞ্চলতা তাকে ঘিরে ধরে। জগৎ সংসার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চলে। কতটুকু পারা যায়? কাজী নজরুল ইসলাম এমন একজন মানুষ ছিলেন, তার জীবন জুড়ে চঞ্চলতা ছিল প্রাধান্য বিষয়। আড্ডাবাজি, গানে আসর মাতিয়ে রাখা, আসরের মধ্যমণি হয়ে সবার মনোযোগ কেড়ে নেওয়া ছিল কাজী নজরুল ইসলামের স্বভাবগত আচরণ। ছোটবেলা থেকে তার চঞ্চলতার কারণে চুরুলিয়া সেই গ্রাম থেকে কলকাতার রাস্তায় তাকে নিয়ে আসে। সেখান থেকে ঢাকা। ছোট্ট এক মানুষ থেকে মস্ত বড় কবি! যদিও নজরুল ইসলাম কি সবকিছুই পেয়েছেন, জীবনে যা চেয়েছেন? সব থাকার পরও কী তার অপূর্ণতা ঘিরে ধরেনি? মানুষ সবসময় সবকিছু পায় না। জীবনে সুখের আড়ালে দুঃখ-কষ্টগুলো সেভাবে হয়তো প্রকাশ্যে আসে না, সময় অসময়ে ঠিকই যন্ত্রণা দিয়ে যায়।
সেই ছোট্টবেলায় একজন ইমামের পরিবারে বেড়ে ওঠা। ধর্ম, মাদ্রাসার পাশাপাশি হুট করে যাত্রাপালায় ঝোঁক। নিজের গায়কীতে মজলিস মাতিয়ে রাখার আপ্রাণ চেষ্টা। সুপ্ত প্রতিভার বিকাশ সেখান থেকেই। আগেই বলেছি, কাজী নজরুল ইসলাম ছিলেন চঞ্চল প্রকৃতির। তাই কখনোই এক স্থানে থিতু হতে পারেননি। ছোটবেলা থেকেই যেন ছুটে চলেছেন। কারো ফুট ফরমাস খেটেছেন, হোটেলে কাজ করেছেন, যুদ্ধ করতে যোগ দিয়েছেন সেনাবাহিনীতে। সেখানেই চালিয়ে গিয়েছেন কবিতার চর্চা। একজন হাবিলদারের কবিতা কোনো এক পত্রিকায় ছাপা হয়, শুরু হয় নজরুল বন্দনা। দুখু মিয়া হয়ে ওঠেন সবার প্রিয় কাজী নজরুল ইসলাম।
“আমারে দেব না ভুলিতে” কেবল কাজী নজরুল ইসলামকে নিয়ে রচিত উপন্যাস, এমন ভাবার কোনো কারণ নেই। এই বইটির মাধ্যমে উঠে এসেছে একে একে বাংলা সাহিত্যের রথী মহারথীরা। এসেছেন রবীন্দ্রনাথের জীবনের গল্প। শুরু থেকে নজরুল যাকে ভক্তি করে এসেছেন। চেয়েছিলেন এমন এক মহাকবির মতো জনপ্রিয় হতে। পেরেছিলেন হয়তো তার চেয়েও বহুগুণ। ভিন্ন আঙ্গিকে, ভিন্ন কোনো সাহিত্যে। রবীন্দ্রনাথের এক বিশাল গল্পের রেশ এখানে উপস্থিত। উঠে এসেছে বিশ্বভারতীর কথা। বিশ্বভারতীকে প্রতিষ্ঠিত করতে তাঁর পরিশ্রমের কথা!
শুধু কী তা-ই? কেবল রবীন্দ্রনাথ-ই যে বাংলা সাহিত্যকে একা টেনে নেননি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ভুলে গেলে চলবে? নজরুল ইসলামকে বিশেষ স্নেহের চোখে দেখতেন শরৎচন্দ্র। তাকে নিয়ে ঘুরতেন। গানের আসর কিংবা যাত্রাপালায় একসাথে হাজির হতেন। তখনও নজরুল ইসলাম আজকের কাজী নজরুল ইসলাম হয়ে ওঠেননি। নজরুলের মধ্যে সম্ভাবনা দেখেছিলেন, সেই সম্ভাবনা বাস্তবায়ন হয়েছিল। নজরুল হয়েছেন অমর। সৃষ্টি করেছেন একের পর এক অমর কবিতা।
বইটিতে আছেন জসীমউদ্দীনও। যাকে শিশু কবি বলে নজরুল সম্বোধন করতেন। একে একে যখন কোথায় নিজের কবিতার মর্যাদা না পেয়ে স্মরণাপন্ন হোন কবি নজরুলের। সেখান থেকে দুইজনের যে সখ্যতা গড়ে ওঠে, তা অতুলনীয়। আরো আছেন জীবনানন্দ দাশ। একজন মুখচোরা কবি। উদাস হয়ে যিনি অবলোকন করতেন পরিবেশ, প্রকৃতি। আর তাতেই উঠে আসত এক একটি দারুন কবিতা। যদিও সেসময় জীবনানন্দ দাশের কবিতা খুব যে মর্যাদা পেয়েছিল এমন না, অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল।
এছাড়া দিলীপ কুমারের গল্প, বিভূতিভূষণ, সত্যেন্দ্রনাথ, সত্যজিৎ রায়রাও জায়গা পেয়েছে বইটিতে। বেশ কিছু আবেগের সাথে পরিচয় হওয়া গিয়েছে। পুরনো গল্প নতুন করে জন্য গিয়েছে। সাহিত্যের এত গুনিব্যক্তিকে একসাথে নিয়ে আসা মুখের কথা নয়। যে চেষ্টা লেখক করেছেন, সাধুবাদ দিতেই হয়। লেখকের পরিশ্রম এখানে সার্থক। প্রতিটি বর্ণনা, এর সাথে সংযোগ স্থাপন করে পাঠকদের আবেগে ভাসিয়ে দেওয়া খুব একটা সহজ নয়। লেখক খুবই দক্ষতার সাথে সে কাজটি করেছেন।
সবকিছু ছাপিয়ে “আমারে দেব না ভুলিতে” একজন কাজী নজরুল ইসলামকে বর্ণনা করে। তার উচ্ছল একজন যুবা পুরুষ। যে এক জায়গায় স্থির থাকতে পারে না। অস্থির চিত্তের এই মানুষটি হুট করেই হারিয়ে যেত। কাউকে কিছু না বলে কোথাও চলে যেত। যেখানে গিয়ে জীবনকে অন্যরকমভাবে চিনত। কখনো বিপদগ্রস্ত হয়ে হাত পাততে হতো বন্ধুদের কাছে। কাব্য রচনা করতে গিয়ে প্রচুর অর্থকষ্টে পড়তে হয়েছে কাজী নজরুল ইসলামকে। নজরুলের বন্ধু ভাগ্য খুব ভালো। মোজাফফর হোসেনের মতো একজনকে পেয়েছিলেন। কতবড় বিপদে পড়েছেন কাজী নজরুল ইসলাম, ততবারই তিনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। সাহায্য করেছেন। উদ্ধার করেছেন বিপদ থেকে। তবুও নজরুল সেই মর্যাদা দিতে পেরেছে। হয়তো পেরেছে। কিন্তু অস্থির মন নিয়ে নজরুল তা-ই করত, যা তার করতে ইচ্ছে হতো। কোনো কিছুর পরোয়া করত না। নিজের মনের কথা শুনতে গিয়ে কম বিপদেও পড়েনি।
যেমন বলা যায় বিদ্রোহী কবিতার কথা। বাংলা কাব্য ইতিহাসে এক অমর সৃষ্টি এই বিদ্রোহী। যার প্রতিটি চরণে কাঁপুনি ধরেছিল ইংরেজদের বুকে। কেঁপে উঠেছিল অজানা আশঙ্কায়। এর ফলও ভালো ছিল না। দেশদ্রোহীতার রূপ দিয়ে কাজী নজরুল ইসলামকে জেলখানায় বন্দী করা হয়। সেখানেও বিদ্রোহ তার রক্তে মিশে থাকে। অনশন, অন্যায়ের সাথে আপোষহীন এক কবি নিজের শক্তিবলে অবশেষে মুক্ত হন। শ্বাস নেন খোলা বাতাসে।
এমন এক বিপদ হয়তো সামনে চলে এসেছে। একজন কবি মানুষ প্রেমে পড়তেই পারে। যিনি কবিতা লিখেন, কাব্য দিয়ে প্রেমকে জয় করতে পারেন। সেখানে ভালোবাসা আছে কি না, সেটা একটা প্রশ্ন থেকে যায়। কুমিল্লায় তেমনই এক নারীর প্রেমে মত্ত হয়ে সিদ্ধান্ত নেন বিয়ের। কিন্তু ঘোর কাটতে বেশি সময় লাগে না। নজরুল স্বাধীনচেতা মানুষ। কারো প্রভাবে সে বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। সে কারণেই বিয়ের আসর থেকে পালিয়ে বেড়ায়। নিজস্বতা যেখানে নেই, সেখানে নিজেকে সঁপে দেওয়া অনর্থক। তাই বলে কি নজরুল বিয়ে করেননি? সেখানেও বিতর্কের জন্ম দিয়েছেন বিদ্রোহী কবি। জাত ভুলে ভিন্ন ধর্মের একজনকে বিয়ে করেছেন। কবি মানুষের কাছে জাত তুচ্ছ। মানুষই আসল। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেকারণেই ধর্ম, জাত আমলে না নিয়ে এক হিন্দু নারীকে বিয়ে করেছিলেন। যে নিজের আত্মীয়স্বজন, পরিবার ভুলে কেবল তার মাকে নিয়ে নজরুলের সাথে পথে নামে।
নজরুলের নিজের কোনো থাকার জায়গা নেই, তাও সে বিয়ে করে এক বিস্ময়ের জন্ম দিয়েছে। কিছু কবিতা লিখলে আয় রোজগার হয় ঠিকই, কিন্তু বেহিসাবি নজরুলের কাছে অর্থের মুল্য থাকে না। প্রমীলা দেবী বলেই হয়তো নজরুলের সাথে সংসার করতে পেরেছেন। ঘরে চাল নেই, হাতে টাকা নেই। অথচ নজরুল পরিবার ভুলে দিব্যি নিরুদ্দেশ হয়ে যেতেন সময় অসময়ে। সন্তান জন্মের পরও সেই চঞ্চলতার শেষ হয়নি। যদিও বুলবুলকে নিয়ে জীবনের একাংশ কাটিয়ে দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু…. সব ইচ্ছে তো চাইলেই পূরণ করা যায় না।
অর্থকষ্টে থাকা, হুট করে গল্প, কবিতা, গান লিখে আয় রোজগার করা। আবার বেহিসাবি খরচে সব উড়িয়ে দেওয়া নজরুলের নিত্যনৈমিত্তিক বিষয় ছিল। কিন্তু এত কিছুর পরও নজরুল কি ভালো ছিলেন? শেষবেলায় এসে জীবনের এক অনুরূপ দেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। যে সময় তার বাড়ি, গাড়ি, টাকার দরকার ছিল পাননি। যখন পেয়েছেন, তখন উপভোগ করার উপায় ছিল না। কারণ এক কঠিন ব্যাধিতে নজরুল তখন জর্জরিত। এই বেঁচে আছেন, এই তো অনেক!
নজরুলের জীবন খরস্রোতা নদীর মত, একুল ওকুল দুই কুলেই ভেসে যায়। সেই ভেসে যাওয়ার গল্পই লিপিবদ্ধ করেছেন লেখক। এমন এক মানুষকে এভাবে তুলে ধরা খুব যে সহজ এমন নয়। তারপরও তার চেষ্টার ত্রুটি ছিল না। যা হৃদয়কে আন্দোলিত করে, নতুন করে চেনায় অদ্ভুত চিত্তের একজন কবিকে। যাকে কোনো বন্ধনে বেঁধে রাখা যায়নি। সে ছুটেছে, নতুনত্বের পথে। নজরুলের আশেপাশে থাকা জ্ঞানীগুণী মানুষদের যেভাবে লেখক তুলে এনেছেন, প্রশংসা করার মতো। সাহিত্যের অমর স্রষ্টাদের এক মলাটে পড়তেও বেশ লাগে। একই সাথে কাজী মোতাহার হোসেন, ফজিলাতুন্নেসা কিংবা বিভিন্ন পত্রিকার প্রকাশকদের তুলে এনেছেন, যারা একসময় জীবন্ত ছিল। হয়তো সেসময় কিংবদন্তিও ছিল।
কবিতার ছন্দে দারুণ কিছু প্রিয় কবিতা লেখক তুলে ধরেছেন। খুবই হৃদয়স্পর্শী বর্ণনায় মুগ্ধতা ছড়িয়ে যায়। লেখকের লেখনশৈলীতে হুমায়ূন আহমেদের কিছুটা ছাপ লক্ষ্য করেছি। শব্দচয়ন, বর্ণনাশৈলী কিছু জায়গায় হুবহু মিলে যায়। আমি জানি না, লেখকের সহজাত লেখনী এমন কি না! হয়তো এমন লেখনী তার মধ্যে বিরাজমান। এতে অবশ্য দোষের কিছু না। পড়তে আরাম লাগে। লেখকের সাবলীল লেখনীর স্রোতে বরাবর ছুটে গিয়েছিলাম। আর সেই স্রোতেই জীবন্ত হয়ে উঠেছে এক ঝড়ঝঞ্ঝা, বিক্ষুব্ধ এক কবি।
গল্পের অন্যতম আকর্ষণীয় চরিত্র ছিল পুটিরানি, হরি দাস পাল আর তাদের সন্তান ভিক্টোরিয়া। হরি দাস পালের পরিণতি মানতে বেশ কষ্ট হয়। তখন ব্রিটিশ শাসন চলমান। মুসলিম আর হিন্দুদের বিরোধের রেশে কত প্রাণ যে এভাবে ঝরে গিয়েছে। ধর্মীয় দাঙ্গা কেড়ে নিয়েছে কত নিরীহ মানুষের প্রাণ! ধর্ম প্রতিনিয়ত শান্তির বাণী ছড়ায়, অথচ ধর্মকে ধারণ করা মানুষেরা শান্তির ধারক হতে পারে না। কী অদ্ভুত! তবে পুটিরানির জীবনের গতিপথের পরিবর্তন এক অন্য জীবনের ইঙ্গিত করে। জীবনে সাফল্য কীভাবে ধরা দিবে কেউ জানে না। কেবল ধৈর্য ধরতে হয়। তাহলেই হয়তো ভাগ্যের চাকা একসময় না একসময় ঠিকই বদল হয়।
লেখকের গল্প বলার ধরন বেশ। তবে কিছুক্ষেত্রে অনেক প্রশ্ন আছে। যেমন, লেখক যে সময়কে তুলে ধরেছেন, সেই সময়ের সংলাপের সাথে লেখকের রচিত সংলাপ সামঞ্জস্য কি না। অবশ্য পড়তে খারাপ লাগেনি। কিছুক্ষেত্রে একটি ঘটনা থেকে আরেকটি ঘটনায় হুট করে চলে যাওয়া বেশ বিরক্তির উদ্রেক ঘটিয়েছে। কিছু অংশ ধরতে বেশ অসুবিধা হচ্ছিল। টুকটাক এ জাতীয় সমস্যা থাকলেও বেশ উপভোগ্য একটি বই। শেষটা খুব বেশি দারুণ। এমন সমাপ্তির পর আর বেশি কিছু বলার থাকে না। এক ধরনের তৃপ্তি আর মুগ্ধতা নিয়ে থাকতে হয়। জীবনীভিত্তিক উপন্যাসে সবকিছু যে সত্য বা বাস্তব, এমন মেনে নেওয়ার কোনো কারণ নেই। লেখকের এটুকু স্বাধীনতা থাকে, নিজের মতো করে গল্প সাজানোর। তাই বইটির কোনটা সত্য, আর কোনটা কাল্পনিক, সে খুঁজে বের করার দায় পাঠকের। অবশ্য খুঁজে না পেলেও চলবে। এমন একখান বই অনুভব করতে হয়, উপভোগ করতে হয়!
পরিশেষে, এই পৃথিবীকে আলোকিত কিছু উজ্জ্বল নক্ষত্র আসে। তাদের ঔজ্বল্যে উদ্ভাসিত হয় প্রকৃতি। নিজেদের দক্ষতার সাক্ষী রেখে মুগ্ধতা ছড়িয়ে যায়। আলোর পড়ে অন্ধকার আসে। সেই নক্ষত্রের একদিন পতন হয়। সাহিত্য হোক কিংবা অন্য কোনো ক্ষেত্রে তারা নিজেদের ঔজ্বল্য বিলিয়ে বিলীন হয়ে যায়। রেখে যায় নিজেদের সৃষ্টিকর্ম। যে সৃষ্টিকর্ম বারবার তাদের কণ্ঠে সমস্বরে বলে ওঠে — আমারে দেব না ভুলিতে।
▪️বই : আমারে দেব না ভুলিতে
▪️লেখক : আশিফ এন্তাজ রবি
▪️প্রকাশনী : আদর্শ প্রকাশ

