শামীমা দিপা
স্বাধীনতা শব্দটি প্রাচীন গ্রীকদের কাছে ছিল বাঁচার মূলমন্ত্র। যে কারণেই শিল্প-সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান ও ধন-দৌলতে বটবৃক্ষের মত শাখা-প্রশাখা ছড়িয়েছিল জাতিটি। কার্যত গ্রীকরা গণতন্ত্রের ভিত্তি হিসেবে এমন কোন পন্থা তৈরি করতে চেয়েছিল (অন্তত তত্ত্বগতভাবে) যা স্পষ্টভাবে স্বাধীনতা রক্ষা করতে সক্ষম হয়। তারই একটি অংশ ছিল সেখানকার কর আদায় পদ্ধতি। প্রাচীন গ্রীস তার নাগরিকদের এতটা স্বাধীনতা দিয়েছিল তাদের কর বা ফি প্রদান করতে হতো না ।
প্রাচীন যুগে একেকটি দেশ একেকটি রাজ্য হিসেবে বিবেচিত হতো। এখনকার মতো তখনও রাজ্যের স্কুল, বাহিনী, প্রশাসনিক ভবন এবং অন্যান্য প্রশাসনিক প্রতিষ্ঠান পরিচালনার জন্য তহবিলের প্রয়োজন ছিল। এখন যেমন দেশে বসবাসরত সব নাগরিকদের আয় থেকেই এই তহবিলের অর্থ/ কর সংগ্রহ করা হয়। তখন গ্রীসে এমন প্রথা ছিল না। প্রাচীন গ্রীসে রাজ্য পরিচালনা তহবিলের অধিকাংশ অর্থ ধনী পরিবারের কাছ থেকে আসত। তারা ‘লজ্জার কর’ নামক কর দিয়ে এই তহবিলে অংশ নিতেন।
অবশ্য এই করের ব্যাপারে সেখানে কোন ধরনের লিখিত আইন বা জোর জবরদস্তি ছিল না। প্রাচীনকালে, কখনও কখনও নীতি এবং গৌরব ছিল আইনের ঊর্ধ্বে। যদি কারো কাছে অর্থ থাকা স্বত্তেও সে শহরটির কল্যাণে অবদান না রাখে, তাহলে তাকে জাতিচ্যুত ব্যক্তি বলে বিবেচনা করা হত। অনেক ধনী নাগরিক নিজ থেকেই মন্দির, স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে সরাসরি সহায়তা প্রদান করে থাকতেন।
প্রাচীন গ্রিসের কর এবং ফি সম্পর্কে কোন বিধিবদ্ধ আইন ছিল না, কিন্তু এরপরও সেখানকার লোকজন নীতি, নৈতিকতা ও লজ্জাজনিত কারনে কর ও ফি প্রদান করত। লজ্জাজনিত কর প্রদান করা অদ্ভূত হলেও বাস্তব ঘটনা। ইতিহাসে ঘটে যাওয়া এই ধরনের ঘটনাগুলো আছে বলেই হয়ত আজকের যুগের আইন প্রণেতারা সবকিছু বিবেচনা করে আইন প্রণয়নে উদ্বুদ্ধ হচ্ছেন।
