শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ । নগর ব্যবস্থাপনায় নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিয়েছেন ভোটাররা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়। মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৬ জন।
ভোটের শুরুতে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, শীতের মধ্যেও ভোটারদের উপস্থিতি বেশ ভালো। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
রিটার্নিং কর্মকর্তা বলেন, বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। তারপরও কেন্দ্রের চৌহদ্দির মধ্যে কেউ অপেক্ষমান থাকলে তাদের ভোট নেওয়া শেষে গণনার প্রক্রিয়া শুরু করব আমরা। এ নির্বাচনে ভোটার ছিলেন প্রায় চার লাখ। তার মধ্যে বেলা দেড়টা পর্যন্ত ৪৬ শাতাংশ ভোট পড়ার তথ্য জানিয়ে সুভাষ বলেন, শেষ পর্যন্ত ভোটদানের হার ৭০ শতাংশ হতে পারে।
এবারের নির্বাচনে কোনো কেন্দ্র থেকেই গোলযোগের কোনো খবর আসেনি, যাকে নজিরবিহীন বলছেন ভোটাররা।
ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাও বলেছেন, ‘সুষ্ঠু ও সুন্দর’ পরিবেশে উৎসবের আমেজে ভোট হওয়ায় কমিশন ‘সন্তুষ্ট’।
