রসিক নির্বাচন; দ্বিগুণ ভোটে এগিয়ে লাঙ্গল




রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১১৫ কেন্দ্রের ফল পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান লাঙল প্রতীক নিয়ে এগিয়ে আছেন।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মোস্তাফিজার রহমান লাঙল প্রতীক নিয়ে ৯৯,১৩৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ পেয়েছেন ৩৮,৩৩৯ ভোট। আর বিএনপির প্রার্থী কাওসার জামান পেয়েছেন ১৯,৫২৫ভোট।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়। মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৬ জন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। তারপরও কেন্দ্রের চৌহদ্দির মধ্যে কেউ অপেক্ষমান থাকলে তাদের ভোট নেওয়া শেষে গণনার প্রক্রিয়া শুরু করব আমরা। এ নির্বাচনে ভোটার ছিলেন প্রায় চার লাখ। তার মধ্যে বেলা দেড়টা পর্যন্ত ৪৬ শাতাংশ ভোট পড়ার তথ্য জানিয়ে সুভাষ বলেন, শেষ পর্যন্ত ভোটদানের হার ৭০ শতাংশ হতে পারে।
এবারের নির্বাচনে কোনো কেন্দ্র থেকেই গোলযোগের কোনো খবর আসেনি, যাকে নজিরবিহীন বলছেন ভোটাররা।
ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাও বলেছেন, ‘সুষ্ঠু ও সুন্দর’ পরিবেশে উৎসবের আমেজে ভোট হওয়ায় কমিশন ‘সন্তুষ্ট’।