মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নতুন করে শুরু হওয়ার সহিংসতায় ৮৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গনমাধ্যম।
আজ শনিবার অন্তত একটি নতুন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।
শুক্রবার রাখাইনের ৩০টি পুলিশ পোস্টে ‘রোহিঙ্গা বিদ্রোহীদের’ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নিহতদের মধ্যে ৭৭ জন বিদ্রোহী এবং ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) হামলার দায় স্বীকার করে নিজেদের মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে আত্মরক্ষামূলক বাহিনী বলে দাবি করেছে।
শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে মিয়ানমারের নেত্রী অং সাং সু চি ‘রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসীদের বর্বর হামলার তীব্র নিন্দা’ জানান।
বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, ‘আমি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশংসা করতে চাই, যারা অসীম সাহসের সঙ্গে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করছেন।’
দেশটির সরকার জানিয়েছে, তারা সরকারি কর্মকর্তা, শিক্ষক এবং রোহিঙ্গা নয় এমন শত শত গ্রামবাসীকে সরিয়ে এনে সেনাবাহিনীর ঘাঁটি ও পুলিশের প্রধান স্টেশনে রেখেছে।
রাখাইনে মোতায়েন দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আরো কিছু লোককে হেলিকপ্টার যোগে এবং বাকীদের নিরাপত্তা বাহিনী সরিয়ে নিয়ে যাবে।’
সামরিক বাহিনীর সূত্রগুলো ও স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, মংডু শহরের কয়েক কিলোমিটার পূর্বে ও দক্ষিণে প্রত্যন্ত পল্লী এলাকা মায়ো থু জি ও নায়াং চু-তে দুপক্ষের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই হয়েছে।
টেলিফোনে মংডু শহরের এক বাসিন্দা জানিয়েছেন, তিনি গোলাবর্ষণের মতো শব্দ শুনেছেন যেগুলো মায়ো থু জি লক্ষ্য করে ছোড়া হচ্ছিল।
