মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন বন্ধে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছে নিরাপত্তা পরিষদ। এক্ষেত্রে নিরাপত্তা পরিষদে ডাকা বৈঠকে চাপের মুখে পড়তে পারে অং সান সু চির দেশ।
রোহিঙ্গা সঙ্কট নিয়ে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক সামনে রেখে, মঙ্গলবার পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রাখাইন সমস্যা নিয়ে আলোচনা হয়। জাতিসংঘে ব্রিটিশ উপ রাষ্ট্রদূত জনাথন অ্যালেন সহিংসতা বন্ধে মিয়ানমার সরকারকে কঠোর বার্তা দিতে শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানান। ফরাসি প্রতিনিধি রাখাইনে সংঘাত বন্ধে, নিরাপত্তা পরিষদকে সম্মিলিতভাবে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
জাতিসংঘে ফরাসি রাষ্ট্রদূত ফ্রাসোয়াঁ দেলাতরি বলেন, রাখাইন পরিস্থিতির দিন দিন অবনতি হওয়ার আমরা উদ্বিগ্ন। চলমান সঙ্কট সমাধানে মিয়ানমার সরকারের ওপর চাপ বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে নিরাপত্তা পরিষদকে ঐক্যবদ্ধভাবে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।’
রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। সঙ্কট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জন সাধারণের আহ্বানের ধারাবাহিকতায় নড়েচড়ে বসেছে শক্তিধর দেশগুলো। ব্যবসায়িক স্বার্থের কারণে বিষয়টি নিয়ে চীন মিয়ানমারের বিরুদ্ধে কঠোর কোনো বার্তা না দিলেও, ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সমস্যা সমাধানে জোরালো পদক্ষেপ নিয়েছে। তবে চীনের সম্ভাব্য ভেটোর কারণে নিরাপত্তা পরিষদে মিয়ানমার সরকার বিরোধী পদক্ষেপ ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
রাখাইনে নতুন করে সেনা অভিযানের মুখে বাংলাদেশমুখী রোহিঙ্গাদের ঢল আবারো বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত ২৫শে আগস্ট থেকে এ পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ অবস্থায় রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে সংস্থাটি।
