রাজধানীতে রিক্সা থেকে পড়ে নারীর মৃত্যু


রাজধানীতে রিক্সা থেকে পড়ে নারীর মৃত্যু

শনিবার ভোরে রাজধানীর কমলাপুর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারিনা বেগম (৩৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরে স্বামী গোলাম কিবরিয়া জানান, পরিবারের সবাই গ্রামের বাড়ি সিলেটে যাওয়ার জন্য রিকশা করে কমলাপুর স্টেশনে যাচ্ছিলাম, স্টেশনের কাছাকাছি পৌঁছাতে ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দেয়। এতে আমার স্ত্রী রিকশা থেকে নিচে পরে যায়, এতে সে গুরুতর আহত হয় । প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যাই, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ (ইন্সপেকটর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিহত তারিনা বেগম সিলেটের কোতোয়ালি থানার মোল্লাপাড়ার শশীতলা এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া। ২৬নং দক্ষিণ রাজার বাগ সবুজবাগে থাকতেন। এক ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।