রাজধানীতে ধানমন্ডির কলাবাগান থানা এলাকা গ্রিন রোডে অজ্ঞাত (৩২) এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে ১৫২/২ গ্রিন রোড, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশের গলিতে রাস্তার ওপর পড়ে থাকা ওই অজ্ঞাত মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ।
কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, উদ্ধারকৃত মরদেহটি একজন নারীর। তার পরিচয় জানা যায়নি। রাস্তায় পড়ে ছিল। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়না তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হবে এটি হত্যা কী-না। তবে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড ধরে নিয়েই পুলিশি তদন্ত শুরু হয়েছে।

