রাজধানীর বাড্ডায় বাবা-মেয়ে খুন




আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের কাছে খবর পেয়ে বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নার বাগ এলাকার ওই বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
চার তলা ওই বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন জামিল। পুলিশ গিয়ে বাসার ভেতর খাটের ওপর জামিল ও নুসরাতের লাশ পায়। জামিলের স্ত্রী আর্জিনা তখন তাদের পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে সিঁড়িতে বসে ছিলেন।
ওসি বলেন, “জামিল শেখের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আর তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে।”
আর্জিনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, “সে বিপর্যস্ত অবস্থায় আছে। একটু সুস্থ মনে হলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। ওই বাসায় এক দম্পতি সাবলেট থাকত। সকালে তাদেরও কোনো খোঁজ পাওয়া যায়নি।”
জামিলের দুঃসম্পর্কের ভাতিজা মনির জানান, তাদের বাড়ি গোপালগঞ্জ সদরের বনগ্রামে। জামিল গত ১৮ বছর ধরে বাড্ডা এলাকায় থাকেন। ওই বাসার তিন তলায় তারা ওঠেন মাস দুই আগে।
“কিছুদিন আগে চাচার সঙ্গে ঝগড়া হলে চাচী ছেলেকে নিয়ে সাভারে উনার মায়ের কাছে চলে যান। তখন চাচা আর নুসরাত এই বাসাতেই ছিলেন। সপ্তাহখানেক আগে চাচী আবার বাসায় ফেরেন।”
জামিল গাড়ি চালানোর পাশাপাশি স্থানীয়ভাবে সুদে টাকা ধার দিতেন বলেও জানান মনির। তবে এ নিয়ে কারও সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল কি না, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।