রাজধানীর যানজটের শেষ কবে?



রাজধানীর যানজটের শেষ কবে?

রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী যানজট। ঢাকার যানজট নিয়ে নানা কথা হয়েছে, হয়েছে গবেষণা আর যানজট কমাতে হয়েছে মহাপরিকল্পনাও৷ আগে বলা হতো ফ্লাইওভার নির্মাণ করলেই যানজট কমবে৷ কিন্তু না, তেমনটা হয়নি৷
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সর্বশেষ হিসাব অনুযায়ী, ঢাকায় নিবন্ধিত যন্ত্রচালিত বাহনের সংখ্যা ১১ লাখ ৩২ হাজার ২৫৪টি। এর মধ্যে মোটরসাইকেল রয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৪৪০টি। এরপরেই রয়েছে ব্যক্তিগত গাড়ি, সংখ্যায় যা ২ লাখ ৪৮ হাজার ৮৭০। আর নিবন্ধিত বাসের সংখ্যা মাত্র ২৮ হাজার ৮৯১।
এমনকি চলতি বছরের প্রথম পাঁচ মাসের তথ্য অনুযায়ী প্রতি মাসে গড়ে এক হাজার ৫২৪টি ব্যক্তিগত গাড়ির নিবন্ধন হয়েছে।
এ অবস্থা থেকে উত্তরণে এক নামে একাধিক গাড়ি নিবন্ধনের ক্ষেত্রে কর বৃদ্ধিসহ নানা উদ্যোগের কথা বলা হয়েছে বিভিন্ন সময়। কিন্তু এর কিছুই বাস্তবায়িত হয়নি। স্কুল থেকে শিক্ষার্থী আনা-নেওয়ার কাজে ২০১০ সালে ১৪টি রুটে বিআরটিসির বাস সার্ভিসও চালু করা হয়েছিল। কিন্তু সেটিও বছর ঘুরতেই মুখ থুবড়ে পড়েছে।
অন্যদিকে ঢাকায় সড়কের পরিমাণ মোট আয়তনের সাত ভাগের বেশি নয়৷ কিন্তু একটি শহরে মোট আয়তনের কমপক্ষে ৩০ ভাগ সড়ক থাকা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা৷ এর মানে হলো, প্রয়োজনের মাত্র এক তৃতীয়াংশ সড়ক আছে এই শহরে৷ ঢাকা শহরের মোট এলাকা ১,৩৫৩ বর্গ কিলোমিটার আর ঢাকার বর্তমান রাস্তার আয়তন ২,২০০ কিলোমিটার, যার মধ্যে ২১০ কিলোমিটার প্রধান সড়ক৷
অপ্রতুল এই সড়কের ৭৬ শতাংশই দখল করে রাখে ব্যক্তিগত গাড়ি। আর গণপরিবহনের দখলে থাকে মাত্র ৬ থেকে ৮ শতাংশ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুযায়ী, রাজধানীতে গাড়ির গতি দিন দিন কমছে। এখন ঢাকায় যানবাহন চলে গড়ে ৫ কিলোমিটার বেগে।

এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আদিল মুহাম্মদ খান। তিনি বলেন, শুধু রাস্তা বাড়িয়ে যানজট নিয়ন্ত্রণ করা যাবে না। এ জন্য ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু ঢাকায় নয় দেশের কোথাও পার্কিং নিয়ে কোনো নীতিমালা নেই। ঢাকার দুই সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ মিলে নগরীর অন্তত ৫০টি স্থানে রাস্তায় পার্কিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছিল। কিন্তু অধিকাংশ স্থানেই এটি বাস্তবায়িত হয়নি।

বলা বাহুল্য, ঢাকার যে ট্রাফিক চিত্রের কথা বলা হলো, তা স্বাভাবিক পরিস্থিতি৷ কিন্তু জলাবদ্ধতা, বৃষ্টি বা বিশেষ পরিস্থিতিতে কী হতে পারে বা হয়, তা মনে হয় গবেষণায়ও বোঝা কঠিন৷