রাজস্থানে বাস নদীতে, নিহত ৩২




ভারতের রাজস্থানের সাওয়াই মধুপুর জেলার ডুবি এলাকায় যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৭ যাত্রী আহত হয়েছেন।
আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই একটি মন্দিরের তীর্থযাত্রী ছিলেন।
বাসটি লাল সোথ থেকে যাত্রীদের নিয়ে প্রায় ৬৫ কিলোমিটার দূরে সাওয়াই মাধোপুর যাচ্ছিল। যাওয়ার পথে ১০০ ফুট উঁচু একটি সেতু থেকে বাসটি বানাস নদীতে পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার সময় ১৬ বছর বয়সী এক কন্ডাক্টর বাসটি চালাচ্ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোর বয়সী ওই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর বাসটি নদীতে পড়ে যায় বলে জানিয়েছেন অভিযোগকারীরা।
পুলিশের এক ঊর্ধতন কর্মকর্তা বলেছেন, “বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।”
ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বাসটির সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং নিহতদের সবার লাশ খুঁজে পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
সাওয়াই মাধোপুরের এসপি মাম্মান সিং বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছেন, যাত্রীদের মধ্যে উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, রাজস্থান ও আসামের লোকজন ছিলেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজন জেলার মালারান চৌর মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিলেন।