শঙ্কামুক্ত নন খালেদ মাহমুদ, রাতে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে




লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলেও এখনও শঙ্কামুক্ত হননি খালেদ মাহমুদ। শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে উল্লেখ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, আজ সোমবার রাত ১১টায় সিঙ্গাপুর নেওয়া হবে বোর্ড পরিচালককে।

গত শনিবার রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সাবেক অধিনায়ক মাহমুদ। শুরুতে তাকে নেওয়া হয়েছিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হলে রোববার দুপুরে নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালে। রোববার রাতে অবস্থা ছিল খুবই সংকটাপন্ন। তবে সোমবার সকাল নাগাদ কিছুটা উন্নতি হয়।

দুপুর ১২টায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাহমুদকে রোববার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে অক্ষমতাসহ অজ্ঞান অবস্থায় আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়।

রাতে মাহমুদের শরীর সাড়া দিচ্ছিল না। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার তন্দ্রাচ্ছন্ন থাকলেও কিছু সাড়া দিচ্ছেন রোগী। তবে শঙ্কামুক্ত নন তিনি। তার চিকিৎসায় গঠন করা হয়েছে জরুরি মেডিকেল বোর্ড।

পরে মাহমুদের মস্তিষ্কের এমআরআই করানো হয়। বোর্ড পরিচালক জালাল ইউনুস জানান, এমআরআই রিপোর্টও মোটামুটি সন্তোষজনক।

দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি জানান, আরও উন্নত চিকিৎসার জন্য রাত ১১টায় সিঙ্গাপুর নেওয়া হবে মাহমুদকে।