ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আত্মসমর্পনের আভাস দিয়েছিলেন ভারতের ধর্ষক ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের পালিত কন্যা হানিপ্রীত ইনসান। কিন্তু, তার আগেই এ দিন তাঁকে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। চণ্ডীগড় জাতীয় সড়কের কাছ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গত এক মাস ধরে ফেরার ছিলেন বাবা গুরমিত রাম রহিম সিংহের পালিতা কন্যা হানিপ্রীত ইনসান। গুরমিতের সাজা ঘোষণার পর থেকেই বেপাত্তা তিনি। দিন কয়েক আগে নিজের আইনজীবীর মাধ্যমে দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। তবে তা খারিজ করে দিয়ে আদালত তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। পরে জামিনের জন্য আবেদন করতে বলা হয়েছিল।
তার পর হানিপ্রীতের ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয় শীঘ্রই আত্মসমর্পণ করবেন তিনি। তবে, সে ক্ষেত্রে কিছু শর্তও দেন হানিপ্রীত। বলা হয়েছিল, সেই সব শর্তপূরণ হলেই ধরা দেবেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হল। তাঁর বিরুদ্ধে গুরমিতের একাধিক বেআইনি কাজে সাহায্য করা, পঞ্চকুলা ও সিরসায় বিশৃঙ্খলায় মদত দেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে।
ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক গুরু রাম রহিম সিংয়ের বিরুদ্ধে তার দুই নারী ভক্ত ধর্ষণের অভিযোগ আনার পর গত ২৫ অগাস্ট চণ্ডিগড়ের পাঁচকুলার একটি বিশেষ আদালত তাকে দোষী সাব্যস্ত করে।
রায়ের পর রাজ্য ছুড়ে রাম রহিমের ভক্তরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, নিহত হয় অন্তত ৩৬ জন।
দুই মামলার বিচারে ডেরা সাচ্চা সওদা প্রধানের ১০ বছরে করে মোট ২০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড হয়। বর্তমানে হরিয়ানার রোহতাকের কাছে সুনারিয়া কারাগারে সাজা ভোগ করছেন রাম রহিম(৫০)।
দোষী সাব্যস্ত করার পর পাঁচকুলা বিশেষ আদালত থেকে রাম রহিমকে হেলিকপ্টারে করে রোহতাক কারাগারে নিয়ে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন হানিপ্রীত। তারপর থেকেই তিনি লাপাত্তা হয়ে গিয়েছিলেন।
