রাশিয়ার ককেশাস অঞ্চলে নবজাতক এক শিশুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিশ্বে নবজাতকের কোভিড-১৯ আক্রান্তের এটি দ্বিতীয় ঘটনা। পেরুতে মধ্য এপ্রিলে এ ধরনের অপর একটি ঘটনা ঘটেছিল।
গতকাল রোববার রুশ বার্তা সংস্থা তাস-এর বরাত দিয়ে ইন্দোনেশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য জার্কাতা পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, বেসলানের নর্থ ওসেটিয়া শহরে জন্ম নেওয়া ওই শিশুর মা করোনায় আক্রান্ত ছিলেন। আক্রান্ত শিশু ও তার মা এখন বাড়িতেই আছেন। মা ও শিশুর অবস্থা স্থিতিশীল।
আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, একজন অন্তঃসত্ত্বা নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার গর্ভে জন্ম নেওয়া শিশুটিও করোনায় আক্রান্ত।
হাসপাতালের মেটারনিটি ইউনিটের প্রধান হাসান তাগায়েভের উদ্ধৃতি দিয়ে স্থানীয় টেলিভিশন জানিয়েছে, বাচ্চা জন্ম দেবেন এমন ৩৫ জন নারীর মধ্যে ১৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

