রাশিয়ায় প্রশিক্ষণার্থী সৈন্যদের ওপর ২ বন্দুকধারীর গুলিতে নিহত ১১


রাশিয়ায় প্রশিক্ষণার্থী সৈন্যদের ওপর ২ বন্দুকধারীর গুলিতে নিহত ১১

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে এক সামরিক প্রশিক্ষণ স্থলে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ইউক্রেইনে যুদ্ধে যেতে স্বেচ্ছায় যোগ দেওয়া ব্যক্তিদের ওপর এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে।

শনিবার ইউক্রেইন সীমান্তের কাছে বেলগোরোদ অঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

আরও পড়ুনঃ ইউক্রেনকে ৭২ কোটি ৫০ লাখ ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

রাশিয়ার রাষ্ট্র-মালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ চলাকালে দুই ব্যক্তি নির্বিচারে গুলি চালায়। এই দুই বন্দুকধারী পাল্টা গুলিতে নিহত হয়েছে। তারা দুজনই সাবেক এক সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিক বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আরআইএ বলেছে, স্বেচ্ছায় (ইউক্রেইনের বিরুদ্ধে) বিশেষ সামরিক অভিযানে অংশ নিতে আকাঙ্ক্ষা ব্যক্ত করা ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ চলাকালে সন্ত্রাসীরা হালকা অস্ত্র নিয়ে ওই ইউনিটের ওপর নির্বিচারে গুলি চালায়। এর ফলে ১১ জন নিহত হয়েছে। আহত আরও ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।