বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর ক্ষণ গণনা শুরু হয়ে গিয়েছে। বাছাইপর্বের শেষ পর্যায়ে দলগুলো। ইতোমধ্যেই অনেক দল বিশ্বকাপ ফুটবলের মঞ্চে নিয়ে গিয়েছে নিজেদের। যেখানে কিছু নতুনের স্বপ্নে দলগুলো বিভোর, সেখানে স্বপ্ন ভেঙেছে কিছু সেরাদের।
২৮ বছর পর সুযোগ মিলেছে মিসরের, দুই বিশ্বকাপ পর আবার সৌদি আরব, সেনেগাল খেলছে ২০০২ বিশ্বকাপের পর। কিন্তু সেখানে খেলা হচ্ছে না গতবারের সেমিফাইনালিস্ট নেদারল্যান্ডস কিংবা টানা দুইবার কোপা চ্যাম্পিয়ন চিলির। যুক্তরাষ্ট্রেরও জায়গা হচ্ছে না রাশিয়া বিশ্বকাপে।
টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডস। ২০১০ বিশ্বকাপের ফাইনালিস্ট, ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। গত ইউরোতেও খেলতে পারেনি তারা। বাছাইপর্বের বাঁধা টপকাতে ঘাম ছুটে যায়। বিশ্বকাপের বাছাইপর্বেও ব্যর্থ অল অরেঞ্জরা। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে গ্রূপ ‘এ’ তে মোট ১০ ম্যাচে ৬ জয়, ১ ড্র ও ৩ হারে তিন নম্বর অবস্থানে থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। ব্যর্থতার দায় মাথায় নিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩২ বছর বয়সী আইরেন রোবেন। সেই গ্রূপে শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত ফ্রান্সের ও প্লে অফের জন্য প্রস্তুত সুইডেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রকে এবার দর্শক হয়েই থাকতে হচ্ছে। প্রথমবারের মত বিশ্বকাপে সুযোগ পাওয়া পানামার উৎসবের দিনে অম্লান বিশ্বের ক্ষমতাশালী দেশটির ফুটবল যোদ্ধারা। কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ১০ ম্যাচে মাত্র ৩ জয়ের সাথে ৩ ড্র ও ৪ হার। সেখান থেকে বিশ্বকাপ খেলবে মেক্সিকো, কোস্টারিকা ও পানামা। প্লে অফ খেলবে হন্ডুরাস।
বিশ্বের অন্যতম সম্ভাবনাময় খেলোয়াড় ধরা হত গ্যারেথ বেলকে। কিন্তু ইনজুরি তার পুরোপুরি ক্যারিয়ারের বিকাশ ঘটাতে দেয়নি। ঘন ঘন ইনজুরির কারণে নিজের দল ওয়েলসকেও বিশ্বকাপে নিতে পারেননি তিনি। ইউরোতে দুর্দান্ত পারফরম্যান্স করা ওয়েলসকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে বলে ধরা হচ্ছিল। ইউরোপ অঞ্চলে গ্রূপ ‘ডি’ তে মাত্র ১ হারের পরও সুযোগ মিলল না তাদের। ৪ জয়ের পাশাপাশি ৫ ড্র, ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকায় বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যায় তাদের। সে গ্রূপ থেকে সার্বিয়া সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে।
টানা দুই বছর, দুইবার আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়া চিলিও এবার থাকছে না বিশ্বকাপে। দক্ষিণ আমেরিকা অঞ্চলে শেষ রাউন্ডে পয়েন্ট টেবিলের ওলটপালট এর জন্য দায়ী। ব্রাজিলের কাছে ০-৩ গোলে হেরেছে তারা। অন্যদিকে ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলের জয় আর্জেন্টিনাকে নিয়ে গিয়েছে তিনে আর ব্রাজিলের কাছে হারের কারণে ছয়ে নেমে বিশ্বকাপের যাত্রা থেমে গেছে আলেক্সিস সানচেজ ও তার দলের। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া নিশ্চিত করেছে সরাসরি বিশ্বকাপ। পেরুকে খেলতে হবে প্লে অফ।
মেসি, রোনালদো, নেইমাররা যেমন রাশিয়া মাতাবে, তেমনি রাশিয়া মিস করবে রোবেন, সানচেজ ও বেলদেরকেও।
