২০১৬ সালে মার্কিন নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য প্রভাব এবং ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে মস্কোর যোগসাজশের অভিযোগ নিয়ে তদন্ত শুরুর পর এবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হল নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট ও তার ব্যবসার অংশীদার রিক গেটসের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে।
তাদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুদ্রা পাচারের পরিকল্পনা ও ভুয়া বিবৃতি দেওয়াসহ ১২ দফা অভিযোগ আনা হয়েছে। এছাড়াও ট্রাম্পের আরেক পরামর্শক জর্জ পাপাদোপুলসের বিরুদ্ধে তদন্তকারীদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। জর্জ পাপাদোপুলস দোষ স্বীকার করে নিয়েছেন।
এদিকে, ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকালে ওয়াশিংটনে এফবিআইয়ের একটি কার্যালয়ে আত্মসমর্পণ করেন ম্যানাফোর্ট। তবে অভিযোগের বিষয়ে তার বা রিক গেটসের বক্তব্য জানা যায়নি।
অবশ্য এসব অভিযোগের মধ্যে ট্রাম্পের ভোটের প্রচারের প্রসঙ্গ সরাসরি আসেনি। ২০০৬ ও ২০১৫ সালে ইউক্রেইনে রাশিয়াপন্থি একটি রাজনৈতিক দলের হয়ে পরামর্শকের কাজ করার ক্ষেত্রে অনিয়মগুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের ডেমোক্রেট ও কিছু রিপাবলিকান সদস্যের দাবির মুখে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত মে মাসে সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলারকে বিশেষ কাউন্সেল হিসেবে এই তদন্ত পরিচালনার দায়িত্ব দেয়।
সোমবার মুলারের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, কলাম্বিয়ার ডিস্ট্রিক্ট গ্র্যান্ড জুরি গত ২৭ অক্টোবর ম্যানাফোর্ট ও গেটসের বিরুদ্ধে ১২ দফা অভিযোগ আনে।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুদ্রা পাচারের পরিকল্পনা, বিদেশি একটি পক্ষের অননুমোদিত এজেন্ট হিসেবে কাজ করা, লবিস্ট হিসেবে নিবন্ধনের ক্ষেত্রে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া, বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য না দেওয়ার সাতটি অভিযোগসহ এক ডজন অভিযোগ আনা হয়েছে সেখানে।
দুই আসামি এফবিআইয়ের হেফাজতে নেওয়ার অনুমতি পাওয়ার পর তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রকাশ করেছে বিশেষ কাউন্সেলের অফিস।
https://youtu.be/-zAmfZTj_wU
