রিভিউ খারিজ করে মধুমতি মডেল টাউন অবৈধ ঘোষণার রায় বহাল


চিকিৎসা বাণিজ্য বন্ধে হাইকোর্ট রুলের জবাব চান ৪ সপ্তাহের মধ্যে
হাইকোর্ট


রিভিউ আবেদন খারিজ করে সাভারের আমিন বাজারের মধুমতি মডেল টাউন প্রকল্প অবৈধ ঘোষণা করে প্রায় ৭ বছর আগে দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর  আগে রায় পুনর্বিবেচনা চেয়ে মেট্রো মেকার্স ডেভেলপার্স লিমিটেড ও কয়েকজন প্লটমালিকের করা আবেদন (রিভিউ) খারিজ করেন আপিল বিভাগ।

এর ফলে মধুমতি মডেল টাউন প্রকল্পের ভূমি আগের অবস্থায় (জলাশয়) ফিরিয়ে আনার যে নির্দেশ আপিল বিভাগ দিয়েছিলেন, তা বহাল রইল।

২০১২ সালের ৭ আগস্ট আপিল বিভাগ ওই প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। এই রায় পুনর্বিবেচনা চেয়ে মেট্রো মেকার্স ও কয়েকজন প্লটমালিক পৃথক পাঁচটি আবেদন (রিভিউ) করেন। এর শুনানি নিয়ে আজ রিভিউ আবেদনগুলো খারিজ করে আদেশ দেওয়া হয়।

আদালতে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল, এ এম আমিন উদ্দিন, সাইদ আহমেদ কবির।

মেট্রো মেকার্সসহ পুনর্বিবেচনার আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু, কামাল উল আলম প্রমুখ।

প্রসঙ্গত, রাজউকের অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বন্যা প্রবাহিত এলাকায় মধুমতি মডেল টাউন হাউজিং প্রকল্প গ্রহণ করে মেট্রো মেকার্স ডেভেলপার্স লিমিটেড। এই প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৪ সালে হাইকোর্টে রিট আবেদন করে বেলা।

এতে ভূমি, গৃহায়ণ ও গণপূর্ত এবং পরিবেশ মন্ত্রণালয়, রাজউক ও মেট্রো মেকার্সকে বিবাদী করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি প্রকল্পের কাজে স্থগিতাদেশ দেন হাইকোর্ট।

২০০৫ সালের ২৭ জুলাই হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে মধুমতি মডেল টাউন প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দেন।