রিয়াজ-ইভানার ‘ইয়ে না বিয়ে’




বিনোদন প্রতিবেদক নির্মাতা মেহেদী হাসানের হৃদয়ের নির্দেশনায় জুটিবদ্ধ হয়ে একটি একক নাটকে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ এবং অভিনেত্রী পারশা ইভানা। নাটকের নাম ‘ইয়ে না বিয়ে’। নাটকটি রচনা করেছেন মোহাই মেনুল নিয়ন।
নাটকের গল্পে দেখা যায়, নিজের অমতেই পরিবারের চাপে অর্পিতাকে বিয়ে করে অমিত। কিন্তু মন থেকে কিছুতেই ইরিনের স্মৃতি মুছে ফেলতে পারে না সে। যার প্রভাব পড়ে অর্পিতার উপর। তবে অর্পিতাও নাছোড়বান্দা। নিজের ভালোবাসা দিয়ে অমিতের মন জয় করবেই সে। একসময় সেটা পেরেও যায় অর্পিতা।
অর্পিতার ভালোবাসার কাছে হার মানে অমিত। কিন্তু হঠাৎ করেই আগমন ঘটে অমিতের পূর্ব প্রেমিকা ইরিনের। অমিত আবারও ইরিনের প্রতি দুর্বল হয়ে ওঠে। এভাবেই এগিয়ে যায় গল্প।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‘নাটকটির গল্পের মধ্যে টানটান উত্তেজনা রয়েছে। যা দর্শককে শেষপর্যন্ত টিভির সামনে বসিয়ে রাখবে। কেননা, নাটকের শেষ পর্যন্ত না দেখলে দর্শক বুঝতে পারবে না কি হচ্ছে বা কার সাথেই মিল হবে অমিতের। আর রিয়াজ ভাই এবং ইভানা’র সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। অনেক ভালো একটি কাজ হয়েছে। আশা করছি দর্শক উপভোগ করবেন’।
নাটকে অমিতের চরিত্রে রিয়াজ এবং অর্পিতার চরিত্রে অভিনয় করেছেন ইভানা। নাটকটি প্রযোজনা করেছেন মোজাফফর দিপু। আগামীকাল ৭ ই মার্চ বিকেল ৩ টা ০৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে নাটকটি এমনটাই জানিয়েছেন পরিচালক।