রূপপুরের দেশের প্রথম পারমাণবিক চুল্লির মূল নির্মাণ পর্ব শুরু




প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ পর্বের কাজ উদ্বোধন করেছেন। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী ৩২তম দেশ হিসেবে তালিকাভুক্ত হলো বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নিজের হাতে প্রথম কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন।  এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কংক্রিট ঢালাইয়ের স্থান ঘুরে দেখেন। পরে সেখানে তিনি সুধী সমাবেশে বক্তব্য দেবেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ঈশ্বরদী উপজেলায় পদ্মাতীরের রূপপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রকল্প এলাকায় যে জায়গায় নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি হবে, সেখানে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে তিনি কর্ণিক দিয়ে নিজে হাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ‘প্রথম কংক্রিট ঢালাইয়ের’ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে ঈশ্বরদী বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পর্যন্ত ১৭ কিলোমিটার সড়ক সাজানো হয় মনোরম সাজে। প্রকল্প এলাকায় নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ শেষ করার জন্য ঠিকাদার কোম্পানি রাশিয়ার অ্যাটমস্ট্রয়েক্সপোর্ট আজ থেকে ৬৬ মাস বা সাড়ে পাঁচ বছর সময় পাবে। সে অনুযায়ী ২০২৩ সালের মে-জুনে কেন্দ্রটির ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট এবং এর পরের বছর একই ক্ষমতার দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা হয় ১৯৬১-৬২ সালে। তবে ২০১১ সালের ২ নভেম্বর রাশিয়ার সঙ্গে বাংলাদেশের আন্তসরকার সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই প্রকল্পের কাজ গতি পায়। তারও ছয় বছর পর আজ এই প্রকল্পের মূল নির্মাণ পর্বের কাজ শুরু হলো। এর মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর পারমাণবিক ক্লাবের ৩২তম সদস্যদেশ হিসেবে অন্তর্ভুক্ত হলো। একই সঙ্গে বাংলাদেশ এশিয়ার মধ্যে ষষ্ঠ এবং সার্কের তৃতীয় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী দেশের তালিকায় ঢুকল।
রাশিয়ার দেওয়া প্রকল্প ব্যয়ের ৯০ শতাংশ সরবরাহ ঋণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পে রাশিয়ার উদ্ভাবিত সর্বাধুনিক (থ্রি প্লাস জেনারেশন) ‘ভিভিইআর ১২০০’ প্রযুক্তির পরমাণু চুল্লি ব্যবহার করা হবে। রাশিয়ার বাইরে এই প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্র রূপপুরেই প্রথম হচ্ছে।
আরও পড়ুন;
বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধুর দেওয়া: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব জনমত সৃষ্টি হয়েছে : প্রধানমন্ত্রী    
চেষ্টা করলেই ইতিহাস মুছে ফেলা যায় না: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকট: শান্তিপূর্ণ সমাধানে প্রধানমন্ত্রীর আশাবাদ
মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করুন: প্রধানমন্ত্রী