চলতি মৌসুমে বিশ্বব্যাপী আখের বাম্পার ফলন হয়েছে। এর জের ধরে চিনির বৈশ্ব্বিক উৎপাদন বিগত পাঁচ মৌসুমের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)।
মূলত ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ভারত, থাইল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় বাড়তি উৎপাদনের জের ধরে ২০১৭-১৮ মৌসুমে চিনির বৈশ্বিক উৎপাদন সর্বোচ্চ হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
ইউএসডিএর অর্ধবার্ষিক প্রতিবেদনে দেয়া পূর্বাভাস অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে বিশ্বব্যাপী মোট ১৮ কোটি ৫০ লাখ টন চিনি উৎপাদন হতে পারে, যা গত মে মাসে দেয়া প্রতিষ্ঠানটির পূর্বাভাসের তুলনায় ১ কোটি ৩০ লাখ টন বেশি। এ সময় চিনির বৈশ্বিক উৎপাদন পাঁচ মৌসুমের মধ্যে সর্বোচ্চ হবে। একই সঙ্গে বাড়বে পণ্যটির বৈশ্বিক ব্যবহার। ২০১৭-১৮ মৌসুমে বিশ্বব্যাপী ১৭ কোটি ৪০ লাখ টন চিনি ব্যবহার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ।
চিনি উৎপাদনকারী দেশগুলোর তালিকায় ব্রাজিলের অবস্থান শীর্ষে। এবারের মৌসুমে দেশটিতে আখ উৎপাদনের আওতায় জমির ব্যবহার বেড়েছে। এর জের ধরে মৌসুম শেষে ব্রাজিলের চিনি উৎপাদন বাড়তে পারে। ইউএসডিএর সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে মোট ৪ কোটি ২ লাখ টন চিনি উৎপাদন হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ১১ লাখ টন বেশি। এর মধ্যে ২ কোটি ৯৬ লাখ টন চিনি রফতানি করবে ব্রাজিল। শীর্ষ উৎপাদনকারীদের তালিকায় এর পরই রয়েছে ভারতের অবস্থান। ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে মোট ২ কোটি ৭৭ লাখ টন চিনি উৎপাদন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ, যা আগের মৌসুমের তুলনায় ২৫ শতাংশ বেশি। অনুকূল আবহাওয়ার জের ধরে উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও কর্ণাটকে আখ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এ মৌসুমে ভারতে চিনির সামগ্রিক উৎপাদন বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ইইউভুক্ত দেশগুলোয় ২০১৭-১৮ মৌসুমে সম্মিলিতভাবে ২ কোটি ১০ লাখ টন চিনি উৎপাদন হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ৩৬ লাখ টন বেশি। শীর্ষ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে চীন। ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে ১ কোটি ৫০ লাখ টন চিনি উৎপাদন গতে পারে, যা আগের মৌসুমের তুলনায় প্রায় ১২ লাখ টন বেশি।
