করোনায় আক্রান্তে যারা ভারতের কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের পরিবারের যেন চিন্তার কোন শেষ নেই। সেইসাথে দেশে লকডাউনের কারণে হাসপাতালে গিয়ে দেখারও সুযোগ নেই আক্রান্তের পরিবারের।
এরকম আতঙ্কের মধ্যেই এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের এম আর বাঙ্গুর হাসপাতালের নার্সরা।
হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের উত্কণ্ঠা কমাতে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে রোগীদের পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ করে দিচ্ছেন নার্সরা।
অনেকেই ভিডিও কলে পরিবারের লোকদের সঙ্গে কথা বলে হালকা হচ্ছেন। কেউ কথা বলছেন তাঁর সন্তানের সাথে। কেউবা পরিবারের লোকজনদেরই সাহস দিচ্ছেন।
এদিকে, বাঙ্গুর হাসপাতালে একের পর এক মৃত্যুর ঘটনায় বিতর্ক তৈরি হয়েছিল দেশজুড়ে। বিতর্কের মুখে পড়ে পশ্চিমবঙ্গের বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে করোনা চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকদের পাঠানো হয় সেখানে। তারপরই বদলাতে শুরু করেছে বাঙ্গুরের পরিবেশ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে আজ শনিবার সকাল পর্যন্ত প্রায় ২০০ রোগীকে ছুটি দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। এরমধ্যে একশো জনের বেশি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আগামীকাল বাড়ি পাঠানোর কথা আরো ৪০ জনকে।

