ফুটবলের সবুজ গালিচায় স্বমহিমায় নিজের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০ বছরের এ পথচলায় নিজেকে ভেঙ্গেছেন, আবার গড়েছেন। লড়াই চালিয়ে হয়েছেন সেরা। পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর।
এই পথচলায় ক্লাব ক্যারিয়ারে তিনি খেলেছেন ৮৩৫ ম্যাচ। জাতীয় দলের হয়ে রোনালদো মাঠে নেমেছেন ১৬৪ ম্যাচে। আর মাত্র এক ম্যাচ খেললেই এক হাজার ম্যাচে মাঠে নামার কৃতিত্ব গড়বেন সি আর সেভেন।
স্পালের বিপক্ষে শনিবার লিগ ম্যাচে মাঠে নামলেই এই কীর্তি গড়বেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।
২০০২ মৌসুমে ক্যারিয়ার শুরু করা রোনালদো নিজ দেশের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে খেলেছেন ৩১ ম্যাচ। তার আগে স্পোর্টিং লিসবন সিপি বি দলের হয়ে দুই ম্যাচ খেলেছেন তিনি। এরপর প্রিমিয়ার লিগে তিনি কাটিয়েছেন ছয় বছর। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন ২৯২ ম্যাচ।
লা লিগায় সবচেয়ে বেশি সময় পার করেছেন সি আর সেভেন। রিয়াল মাদ্রিদের হয়ে সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন তিনি। রিয়ালের হয়ে খেলেছেন ৪৩৮ ম্যাচ। আর জুভদের হয়ে তিনি খেলেছেন ৭২ ম্যাচে।

