রোহিঙ্গাদের কারণে চাপের মুখে স্থানীয়রা




উখিয়া ও টেকনাফে স্থানীয় জনগোষ্ঠীর তুলনায় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা এখন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। খুব অল্প সময়ের মধ্যে স্রোতের মতো আসা রোহিঙ্গাদের চাপে কৃষি জমি, শ্রম বাজার ও শিক্ষা সহ ওই অঞ্চলের মানুষজনের জীবনের নানা দিক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এ্যানেট ডিক্সন বলছেন, বিপুল সংখ্যায় রোহিঙ্গারা আসার ফলে স্থানীয় জনগোষ্ঠীর অবকাঠামো এবং পানির উৎসের ওপর তীব্র চাপ পড়েছে।
ডিক্সন গত পাঁচ দিন ধরে মিয়ানমার থেকে গত ছয় মাসে পালিয়ে আসা ৬ লক্ষেরও বেশি রোহিঙ্গা মুসলিমদের ক্যাম্পগুলো সফর করেছেন। অল্প সময়ের মধ্যে এত বিপুল পরিমাণ লোক আসায় স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্বব্যাংক বলছে, রোহিঙ্গাদের মতোই তাদের আশ্রয় দানকারী স্থানীয় জনগোষ্ঠীরও ব্যাপক সহায়তা দরকার।
উখিয়া ও টেকনাফের স্থানীয় জনগোষ্ঠী পাঁচ লাখের মতো। কিন্তু আগে আসা রোহিঙ্গা সহ ঐ অঞ্চলে এখন রোহিঙ্গাদের সংখ্যা দশ লাখ ছাড়িয়ে গেছে। মানবিক কারণে রোহিঙ্গাদের সহায়তায় ঐ অঞ্চলের মানুষ এগিয়ে এসেছে এবং এখনো অনেকে সহায়তা করছে। কিন্তু প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘস্থায়ী অবস্থানের ফলে এলাকার মুল জনগোষ্ঠীরও যে সহায়তার দরকার হবে বা স্থানীয়দের কথা ভুলে গেলে যে চলবে না সেটি কেবল অনুধাবন করতে শুরু করেছেন উন্নয়নকর্মী ও সরকারি কর্মকর্তারা।
কক্সবাজার ভিত্তিক এনজিও শেডের প্রোগ্রাম কো-অরডিনেটর শওকত আলী বলছেন, স্থানীয় মানুষজনের জীবন তাদের উপস্থিতিতে নানা ভাবে প্রভাবিত হচ্ছে। রোহিঙ্গারা কৃষি জমিতে আশ্রয় নেবার কারণে কৃষি কাজ বন্ধ রয়েছে অনেকের। অর্থের অভাবে স্থানীয় শ্রমবাজার সস্তায় কাজ করছেন রোহিঙ্গারা। যার ফলে স্থানীয় শ্রমবাজারে আর স্থানীয়দের আর কাজ জুটছে না। টিউবওয়েলের অতিরিক্ত ব্যবহারে তার অনেকগুলোই নষ্ট হয়ে গেছে। এরকম নানা সমস্যায় স্থানীয়দের মধ্যে এক ধরনের তিক্ততা বিরাজ করছে।
ঐ অঞ্চলে শিক্ষাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় ও ত্রাণ বিতরণে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও মাঠ ব্যবহৃত হচ্ছে। স্কুল কলেজ ব্যবহৃত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীদের দ্বারাও। সেই আগস্ট মাসে বিষয়টি এভাবে চলাতে ঐ এলাকায় শিক্ষা কার্যক্রম রীতিমতো ভেঙে পড়েছে।

মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর থেকে রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে। টেকনাফ ও উখিয়া উপজেলার ৪ হাজার ৩০০ একর পাহাড় ও পাহাড়ি এলায় তাদের বসতি গড়ে উঠেছে। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত চার মাসে পালিয়ে আসা নতুন রোহিঙ্গার সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার। আর নতুন-পুরোনো মিলিয়ে এখন শুধু কক্সবাজারেই আছে ৮ লাখ ৬৭ হাজার ৫০০ রোহিঙ্গা।