মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মাধ্যমে নির্বিচার বলপ্রয়োগ করে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টা চলছে বলে মনে করছে জাতিসংঘ।
আজ সোমবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জায়েদ বিন রাদ আল হুসাইন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সোমবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সভায় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংস সেনা অভিযানের তীব্র নিন্দা জানান।
জায়েদ বলেন, গত মাসে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে বিদ্রোহীদের হামলার পাল্টায় যে অভিযান চলছে তা ‘স্পষ্টতই বাড়াবাড়ি’। গ্রাম জ্বালিয়ে দেওয়া ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের খবরের মধ্যে ২ লাখ ৭০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আরও অনেকে সীমান্তে আটকা পড়ে আছে। এই পরিস্থিতিকে জাতিগোষ্ঠী নিপীড়নের একটি ধ্রুপদী উদাহরণ বলেই মনে হচ্ছে।’
মিয়ানমারের সরকারকে চলমান নৃশংস সামরিক অভিযান বন্ধ করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর জন্য জবাবদিহি করার আহ্বান জানান জাতিসংঘ দূত।
মিয়ানমারে সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় তিন লাখ রোহিঙ্গা সীমান্ত পার হয়ে ঢুকেছে বাংলাদেশে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সহিংসতা নিরসনে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির ওপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।
