জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে এসেছেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। গতকাল রোববার রাতে ঢাকায় এসে আজ সোমবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বিমানে কক্সবাজারের উদ্দেশে রওনা করেন তিনি।
ঢাকায় এসে ফেসবুক নিজের ভেরিফায়েড পেজে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্পে যাচ্ছি। আমার ইনস্টাগ্রামে সেখানকার সব অভিজ্ঞতা শেয়ার করব। আমাকে সেখানে অনুসরণ করতে থাকুন। এই বিষয়টি নিয়ে বিশ্বের ভাবা উচিত। ভাবতে হবে আমাদেরও।’
কক্সবাজার বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কাকে উখিয়ায় রয়েল টিউলিপ হোটেলে নিয়ে যাওয়া হয়। প্রিয়াঙ্কা চোপড়া এখানে চার দিন থাকবেন।
আজ বেলা তিনটা নাগাদ সড়কপথে কক্সবাজার থেকে প্রিয়াঙ্কা চোপড়াকে টেকনাফের সামলাপুর রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়া হবে। এখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, ৩৫ বছর বয়সী প্রিয়াংকা জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের গুডভিল অ্যাম্বাসাডর। সেই পরিচয় নিয়েই প্রিয়াংকা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে এসেছেন তিনি। এর আগে তিনি সিরিয়ায় যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়ে ছিলেন।
