রোহিঙ্গাদের ফেরানোর মতো উপযুক্ত পরিবেশ নেই




মিয়ানমারের রোহিঙ্গাদের রাখাইনে নিরাপদে ফেরানোর মতো উপযুক্ত পরিবেশ নেই। এখনো সেখান থেকে লোকজন পালিয়ে বাংলাদেশে আসছে। তাই সময় হওয়ার আগে রোহিঙ্গাদের যাতে ফেরত পাঠানো না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে; বলেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক উপহাইকমিশনার ক্যালি ক্লিমেন্টস এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
ক্যালি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইনের পরিস্থিতির উন্নতি নিয়ে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। একই বিষয়ে মিয়ানমারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে আগামী সপ্তাহে তাঁর সহকর্মী নেপিডো যাবেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থার আঞ্চলিক প্রতিনিধি জেমস লিঞ্চ জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে তিনি মিয়ানমারে যাচ্ছেন। তিনি রোহিঙ্গা-অধ্যুষিত রাখাইনের সহিংসতাকবলিত এলাকায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এখনো তাঁকে রাখাইন সফরের অনুমতি দেওয়া হয়নি।
রোহিঙ্গাদের এখন রাখাইনে ফেরত পাঠানোর পরিবেশ নেই উল্লেখ করে ক্যালি ক্লিমেন্টস বলেন, তাদের বেশির ভাগেরই ঘরবাড়ি ও গ্রাম ধ্বংস করে দেওয়া হয়েছে, সেখানকার সম্প্রদায়গুলোর মাঝে যে গভীর বিভাজন রয়েছে, তার সুরাহা হয়নি এবং জরুরি ত্রাণসহায়তাও যথেষ্ট নয়। তাই সময় হওয়ার আগে যাতে প্রত্যাবাসন না হয়, এটা জরুরি।
ক্যালি ক্লিমেন্টস জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য যে রাখাইনে সহায়ক পরিবেশ সৃষ্টি করা দরকার, তা নিয়ে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। এ নিয়ে দুই দেশের সরকারের সঙ্গে পরবর্তী সময়ে তাঁদের আলোচনা হবে। বিশেষ করে চুক্তি অনুযায়ী ইউএনএইচসিআরের ভূমিকা নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন;
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের  
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক  
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার