মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে কক্সবাজারের নাফ নদীতে ১০ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ হয়েছে আরও প্রায় ৩৩ জন।
আজ সোমবার ভোররাত চারটার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিনের মাধ্যমে তাঁরা রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যাওয়ার খবর জানতে পেরেছেন।
স্থানীয় সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ৬৫ জন রোহিঙ্গা নিয়ে একটি নৌকা ভোররাত চারটার দিকে সাগরে ডুবে যায়।
গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে সেদেশের সেনাবাহিনী মুসলিম রোহিঙ্গাদের দমন অভিযান শুরুর পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে থেকে বাংলাদেশে রয়েছে আরও চার লাখের বেশি রোহিঙ্গা।
গত ২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও সাগরে রোহিঙ্গাবাহী ২৬টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাডুবিতে এ পর্যন্ত ১৮০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৭৯ জন রোহিঙ্গা। অন্যজন বাংলাদেশি নৌকার মাঝি। রোহিঙ্গাদের লাশের মধ্যে ৯০ জন শিশু, ৬০ জন নারী ও ২৯ জন পুরুষ।
