মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের অংশ হিসাবে ও রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ঢাকায় আসছেন চীন, জাপান, জার্মানি ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ।
আগামী ২০ ও ২১ নভেম্বর মিয়ানমারে অনুষ্ঠিতব্য আসেমভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন তারা।
জানা গেছে, মিয়ানমার যাওয়ার আগে এই চার মন্ত্রী বাংলাদেশের সঙ্গে আলোচনা করে রোহিঙ্গা বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জেনে নেবেন।
এবিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ঢাকা সফরের বিষয়টি মঙ্গলবার চূড়ান্ত করা হয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার ১৮ নভেম্বর এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ১৯ নভেম্বর ঢাকায় আসবেন।’
তিনি বলেন, ‘আমরা সবার সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আলোচনা করছি। বাংলাদেশকে সহায়তা দেওয়াসহ মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।’
এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো আসেম শীর্ষ সম্মেলনকে মাথায় রেখে মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুতে কোনও অবস্থান নেওয়া যায় কিনা, সেটি বিবেচনা করছে।
এর ফল সম্পর্কে কর্মকর্তা বলেন, ‘খোদ দেশটির রাজধানীতে ইউরোপের দেশগুলো রোহিঙ্গা ইস্যুতে সরব হলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অনেকগুণ বেড়ে যাবে।’
এদিকে ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্র সিনেটের একটি প্রতিনিধি দলের ঢাকায় আসার কথা রয়েছে। এছাড়াও যুক্তরাজ্যের রাজ পরিবারের একজন সদস্য রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখার জন্য এ মাসেই কক্সবাজার সফর করবেন। কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী মারি ক্লদ বিবু আগামী ২১ নভেম্বর ঢাকা সফর করবেন বলে জানা গেছে।
