মিয়ানমার সফরে রোহিঙ্গা শব্দ না বলেও দেশটির সরকার ও সামরিক বাহিনীর কাছে আসল বার্তাটি পৌঁছে দিয়ে তাদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন পোপ; এমনটাই দাবি করেছেন স্বয়ং পোপ ফ্রান্সিস। এভাবেই ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চরণ না করার ব্যাখ্যা দেন তিনি।
গত শনিবার বাংলাদেশ ছাড়ার পর রোম যাওয়ার পথে উড়োজাহাজে তিনি তার সফরসঙ্গী সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
রোহিঙ্গাদের মানবাধিকারের প্রতি সম্মান জানানোর বিষয়টি দৃঢ়তার সঙ্গেই তুলে ধরেছেন বলে ইংগিত দেন রোমান ক্যাথলিকদের এই সর্বোচ্চ ধর্মগুরু।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় ঢাকায় রোহিঙ্গাদের তিনটি পরিবারের কাছ থেকে তাদের দুর্দশার কথা শুনতে শুনতে চোখ ভিজে আসার কথাও তিনি সাংবাদিকদের বলেন। তিনি জানান, সেই অশ্রু তিনি লুকাতে চেয়েছিলেন। ওই অনুষ্ঠানেই পোপ এশিয়া সফরে প্রথমবারের মত রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেন। তিনি বলেন, ঈশ্বরের উপস্থিতি রোহিঙ্গাদের মধ্যেও বিরাজ করছে।
এর আগে, তিন দিনের সফরে বৃহস্পতিবার বিকালে মিয়ানমার থেকে ঢাকা পৌঁছান পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকালে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠক করেন।
এ সফরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। সেখান থেকে যান রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে।
শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্টধর্মীয় উপাসনা ও যাজক অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন পোপ। বিকেলে ভ্যাটিকান দূতাবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। যোগ দেন আন্তঃধর্মীয় সভায়।
গতবছর প্রধানমন্ত্রী ও বাংলাদেশের ক্যাথলিক বিশপ আনুষ্ঠানিকভাবে ঢাকা সফরের আমন্ত্রণ জানালে পোপ চলতি বছরের শেষ দিকে আসার আগ্রহ প্রকাশ করেন।
আরও পড়ুন;
পোপের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী
মিয়ানমারে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়ালেন পোপ
মিয়ানমারের পথে পোপ ফ্রান্সিস
পোপের বাংলাদেশ সফর; সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ
