রোহিঙ্গা সংকট: আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ৬০ শতাংশই শিশু




তিন সপ্তাহে মিয়ানমার থেকে আনুমানিক ২ লাখ ৪০ হাজার শিশু বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ। যা বাংলাদেশে আসা মোট রোহিঙ্গাদের ৬০ শতাংশ।
এক ব্রিফিংয়ে ইউনিসেফ মুখপাত্র মেরিজি মারকাদো জানিয়েছেন, শরণার্থীদের ৬০ শতাংশই শিশু। এদের মধ্যে এক বছরেরও কম বয়সী শিশু রয়েছে ৩৬ হাজার। কোনো অভিভাবক ছাড়া একা এসেছে ১ হাজার ১০০টি শিশু। এছাড়া ৫২ হাজার নারী রয়েছেন, যারা সন্তানসম্ভবা অথবা স্তন্যদান করছেন।
ইউনিসেফ মুখপাত্র গতকাল জেনেভায় এক নিয়মিত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় বাংলাদেশে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থার মন্তব্য ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়। মেরিজি মারকাদো বলেন, সব পক্ষ যে তথ্যটি দিচ্ছে, তা হলো মানুষের সংকট সীমাহীন এবং দুর্ভোগ ক্রমেই বাড়ছে।
ব্রিফিংয়ে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র ক্রিস লম জানান, শরণার্থীদের বিষয়ে যে সংখ্যাগুলো বলা হচ্ছে সেগুলো অনুমাননির্ভর। কারণ কেউ সীমান্ত পাড়ি দেয়ার সময় শরণার্থীদের নথিভুক্ত করছে না।
অন্যদিকে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশনের ডেপুটি রিজিওনাল ডিরেক্টর মার্টিন ফ্যালার বলেছেন, পরিস্থিতি খুব ভয়াবহ। সংলগ্ন অঞ্চলে কয়েক দশকের সবচেয়ে বড় মানবসৃষ্ট সংকট ও বাস্তুচ্যুতির ঘটনা এটি।
জাতিগত নির্মূল অভিযানেই সু চির দল, সেনাবাহিনী ও মিয়ানমারবাসীর ঐক্য: অং সান সু চির দল, এক সময় তার বিরুদ্ধাচরণকারী সেনাবাহিনী আর বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের সিংহভাগ মানুষকে ঐক্যবদ্ধ করার মতো কোনো বিষয় থাকলে সেটা হচ্ছে তাদের প্রবল বিরাগ। এ বিরাগ রোহিঙ্গাদের প্রতি, যাদের তারা জাতীয় নিরাপত্তার হুমকি ভেবে থাকে।
সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির শীর্ষনেতাদের একজন নিয়ান উইন বলেন, সেনাবাহিনীকে আমরা পছন্দ করি না। কিন্তু এ একটা বিষয়ে আমরা একসঙ্গে আছি। আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি করা যাবে না। এজন্যই আমরা ঐক্যবদ্ধ হয়েছি।
এনএলডির অন্যতম প্রভাবশালী সদস্য নিয়ান উইন দলের মিডিয়া টিমের সভাপতির দায়িত্বে আছেন। রোহিঙ্গাদের বিষয়ে তিনি বলেন, এরা অবৈধ অভিবাসী এ কথা নিশ্চিত করেই বলা যায়। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কখনো এ কথা বলে না।
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানকে জাতিসংঘ ‘জাতিগত নির্মূল কর্মসূচি’ বললেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তারে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতারত পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা বলছেন, সু চিকে ছেড়ে গেলে অথবা মিয়ানমারের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটির গণতান্ত্রিক রূপান্তর ঝুঁকিতে পড়বে।
রোহিঙ্গা পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করলেও তাদের নাগরিকত্ব এবং চলাচলের স্বাধীনতা, শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক অধিকারগুলো দেয়া হয় না। গত মাসে সশস্ত্র রোহিঙ্গারা নিরাপত্তা বাহিনীর অবস্থানে হামলা চালালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরু হয়, যাতে এ পর্যন্ত ৪০০-এর বেশি মানুষ নিহত, ৬ হাজার ৮০০-এর বেশি বাড়িঘর ধ্বংস এবং প্রায় চার লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা শরণার্থী ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, সেনাবাহিনী তাদের দেশ থেকে তাড়ানোর অভিযান শুরু করেছে।