রোহিঙ্গা সংকট: নিরাপত্তা বৈঠক আজ




মিয়ানমারে রাখাইনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের বৈঠক আজ। এই বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিনিও গুতেরেস বক্তব্য তুলে ধরবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিরসনে যে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন, তার ভিত্তিতেই নিরাপত্তা পরিষদে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।
তবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য না হওয়ায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সেখানে সরকারের বক্তব্য তুলে ধরবেন। এর আগে, মঙ্গলবার এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন পরিষদের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।
পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রাখাইন সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রাখাইনে জাতিগত নিধনের নিন্দা জানিয়ে রাখাইন সঙ্কট সমাধানে নিরাপত্তা পরিষদকে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয় ফ্রান্স ও ব্রিটেন।

রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। সঙ্কট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জন সাধারণের আহ্বানের ধারাবাহিকতায় নড়েচড়ে বসেছে শক্তিধর দেশগুলো। ব্যবসায়িক স্বার্থের কারণে বিষয়টি নিয়ে চীন মিয়ানমারের বিরুদ্ধে কঠোর কোনো বার্তা না দিলেও, ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সমস্যা সমাধানে জোরালো পদক্ষেপ নিয়েছে। তবে চীনের সম্ভাব্য ভেটোর কারণে নিরাপত্তা পরিষদে মিয়ানমার সরকার বিরোধী পদক্ষেপ ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
রাখাইনে নতুন করে সেনা অভিযানের মুখে বাংলাদেশমুখী রোহিঙ্গাদের ঢল আবারো বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত ২৫শে আগস্ট থেকে এ পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ অবস্থায় রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে সংস্থাটি।