‘যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায়। তাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, দীর্ঘদিনের এ সমস্যার সমাধান করা।’ ঢাকা সফররত মার্কিন আন্ডার সেকেন্ডারি (রাজনীতিবিষয়ক) টমাস শ্যানন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ষষ্ঠ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বমূলক সংলাপ শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন শ্যানন। এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
এক প্রশ্নে শ্যানন বলেন, “এই মুহূর্তে শাস্তিমূলক ব্যবস্থা নয়, আমাদের সমস্যার সমাধান করতে হবে।”
অবরোধের সুয়োগ তো রয়েছেই জানিয়ে সংবাদ সম্মেলনে শ্যানন বলেন, “কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে সমস্যার সমাধান করা এবং এই সঙ্কটের কূটনৈতিক সমাধান খোঁজা।”
মিয়ানমার থেকে পালিয়ে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়টিও তাদের অন্যতম লক্ষ্য বলে জানান শ্যানন।
রোহিঙ্গাদের বিষয়ে যুক্তরাষ্ট্র যেভাবে কাজ করছে সেজন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। এক্ষেত্রে বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘শক্ত’ বলে মনে করেন তিনি।
তিনি বলেন, “তারা (যুক্তরাষ্ট্র) মানবিক সহায়তা দিচ্ছে এবং সঙ্কট সমাধানে অন্তত ৩১ ধরনের পদক্ষেপ নিয়েছে।”
যুক্তরাষ্ট্রের নেওয়া এসব পদক্ষেপ সঙ্কট সমাধানে কি ধরনের প্রভাব ফেলতে সক্ষম হয়েছে, জানতে চাইলে মার্কিন কূটনীতিক শ্যানন বলেন, এসব পদক্ষেপের কারণে সঙ্কট নিয়ে আলোচনার জন্য তাদের কূটনীতিক ও আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারে ঢোকার সুযোগ পেয়েছে।
“রাখাইন রাজ্য পরিদর্শনের অনুমতিও পাওয়া গেছে,” বলেন তিনি।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে গত অগাস্টের শেষ ভাগ থেকে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আগে থেকেই আরো চার রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। বিপুল সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমারের ওপর সৃষ্টি করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ।
