করোনা সংক্রমণে এবার ভারতে বাড়ছে লকডাউনের মেয়াদ। জানা গেছে, করোনায় আক্রান্তের সংখ্যা দেশে যে ভাবে বাড়ছে, তাতে বিভিন্ন রাজ্য সরকার ও বিশেষজ্ঞরা কেন্দ্রীয় সরকারের কাছে লকডাউনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে। সরকার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে বলে খবর।
সোমবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রীর কাছে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে লকডাউন তুলে নেওয়া হলে বহু প্রাণ দিয়ে তার মূল্য দিতে হবে বলেও আশঙ্কার কথা শুনিয়েছিলেন তিনি।
কেসিআর-এর আগে উত্তরপ্রদেশের এক শীর্ষ আমলাও একই কথা বলেছিলেন। তার মত ছিল, ১৪ এপ্রিল লকডাউন তুলে নেওয়া মোটেই ঠিক সিদ্ধান্ত হবে না। পঞ্জাবের এক আমলাও একই মত পোষণ করেছিলেন।
গত শুক্রবার মহারাষ্ট্রের এক মন্ত্রীও বলেন, ১৪ এপ্রিল লকডাউন তুলে নেওয়া ঠিক হবে না। মঙ্গলবার উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও বলেন, লকডাউনের শেষ সপ্তাহ খুবই জটিল। করোনা আক্রান্তের বৃদ্ধার তথ্য থেকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। নানা বিশেষজ্ঞও একই মত দিয়েছেন বলে দাবি করেছে সূত্র।
করোনা পরিস্থিতি মোকাবিলায় ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দিন যত গড়িয়েছে, ততই লকডাউনের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা গাঢ় হয়েছে।
পেপার’স লাইফ/খবর/আন্তর্জাতিক ডেস্ক

