করোনা সংক্রমণের কারণে জারি করা লকডাউন এবার শিথিল করতে যাচ্ছে সিঙ্গাপুর। জানা গেছে আগামী ৫ মে থেকে দেশটিতে লকডাউন শিথিল করবে সরকার।
এর এক সপ্তাহ পর (১২ মে) থেকে সেলুন, লন্ড্রি ও গৃহ-ভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চালু করা হবে। লকডাউনের কারণে এতদিন বাইরে হাঁটাচলা-ব্যায়াম নিষিদ্ধ থাকলেও এ ব্যাপারে বিধি-নিষেধ তুলে নিচ্ছে দেশটি। তবে জিম-সুইমিংপুল বন্ধ থাকবে। সেইসাথে ১৯ মে থেকে কিছু স্কুল খুলে দেয়া হবে।
শনিবার সিঙ্গাপুরের উন্নয়ন বিষয়ক মন্ত্রী লরেন্স ওং বলেন, ‘আমরা উন্নতি করছি, কিন্তু সংক্রমণ বিষয়ে এখনি নিশ্চয়তা দেয়ার সময় আসেনি। এজন্য আমাদের আরও কিছু সময়ের প্রয়োজন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত সপ্তাহে স্থানীয় সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে দিনে প্রায় ১২ জনে। দুই সপ্তাহ আগেও এর হার ছিল ২৫ জনের মতো। শুক্রবার দেশটিতে ৯৩২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে, এদের মধ্যে মাত্র ১১ জন স্থানীয়।
উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে গত ৭ এপ্রিল থেকে দেশটিতে লকডাউন জারি করে সরকার।
সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

